বেজিং: আপাতত স্বস্তি চীনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীর। দুর্নীতির দায়ে মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেন তাঁরা। বৃহস্পতিবার ওয়েই ফেংহে ও লি শাংফুকে স্বস্তি দিয়ে চীনের সামরিক আদালত জানিয়েছে, তাঁদের মৃত্যুদণ্ড দু’বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী, দু’বছর পর এই দণ্ড কমে আমৃত্যু কারাবাসে রূপান্তরিত হবে। তবে তাঁরা কোনোভাবেই সাজা কমানোর আবেদন করতে পারবেন না। এমনকি প্যারোলেও মুক্তি পাবেন না। চীনের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, ২০১৮-২৩ সাল পর্যন্ত চীনের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন ওয়েই ফেংহে। এরপর ২০২৩ সালের মার্চে তাঁর স্থলাভিষিক্ত হন লি শাংফু। তবে তাঁর পদ বেশিদিন স্থায়ী হয়নি। ওই বছরের অক্টোবরে তাঁকে সরিয়ে দেওয়া হয়। লি’র অপসারণ নিয়ে বিভিন্ন মহলে জোর চর্চা শুরু হয়। ২০২৪ সালে সামরিক বাহিনীতে দুর্নীতি নিয়ে বড়োসড়ো তদন্ত শুরু করে চীনের কমিউনিস্ট সরকার। প্রেসিডেন্ট জি জিনপিং তখন বলেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই নিয়ে সেনাবহিনীতে এক বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়েছে। গত বছর সেনার ন’জন কর্মকতাকে বহিষ্কার করে সেন্ট্রাল মিলিটারি কমিশন। এদিকে, তদন্তে দুই প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার প্রমাণ পায় কমিশন। শুধু তাই নয়, ক্ষমতা অপব্যবহারেও জড়িত ছিলেন তাঁরা। ঘুষ নিয়ে সেনায় বিভিন্ন পদে নিয়োগ ও পদোন্নতি নিয়েও ভুরি ভুরি অভিযোগ ওঠে। ২০২৪ সালে দু’জনকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়। পরে বিচারে প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয় সামরিক আদালত। এখন বাকিটা জীবন জেলেই কাটাতে হবে তাঁদের।



