Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রঘুনাথপুর মহকুমার পৃথক পথ দুর্ঘটনায় মৃত ২, জখম পাঁচজন

সোম এবং মঙ্গলবার রঘুনাথপুর মহকুমা এলাকায় চারটি পৃথক দুর্ঘটনা ঘটেছে। তাতে দু’জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোট পাঁচজন জখম হয়েছেন।

রঘুনাথপুর মহকুমার পৃথক পথ দুর্ঘটনায় মৃত ২, জখম পাঁচজন
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, রঘুনাথপুর: সোম এবং মঙ্গলবার রঘুনাথপুর মহকুমা এলাকায় চারটি পৃথক দুর্ঘটনা ঘটেছে। তাতে দু’জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোট পাঁচজন জখম হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। বাকি তিনজন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস জানিয়েছে, মৃতদের নাম সৌমেন মুর্মু(২৮) ও বিউটি কর্মকার (৩৫)। সৌমেনবাবুর বাড়ি সাঁতুড়ি থানার মুরাডি গ্রাম পঞ্চায়েতের ছায়রাবাড়ি গ্রামে। বিউটিদেবীর বাড়ি আদ্রা থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সৌমেনবাবু সাঁতুড়ি থানার সালবেড়িয়া গ্রামে মামারবাড়িতে বিয়েবাড়ির অনুষ্ঠানে এসেছিলেন। বিয়ে বাড়ির কাজের জন্য গ্রামের এক বন্ধুকে নিয়ে বাইকে সাঁতুড়ি বাজার গিয়েছিলেন। রঘুনাথপুর-বাঁকুড়া রাজ্য সড়ক ধরে বাইক নিয়ে মামারবাড়ি ফেরার সময় সালবেড়িয়া বড় বাঁধের কাছে একটি ডাম্পার তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়। দু’জনেই গুরুতর জখম হন। খবর পেয়ে সাঁতুড়ি থানার পুলিস তাঁদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সৌমেনবাবুকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর সঙ্গে থাকা যুবক হাসপাতালে চিকিৎসাধীর রয়েছেন। পুলিস জানিয়েছে, ঘাতক ডাম্পারের সন্ধানে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।অন্যদিকে, এদিন রঘুনাথপুর থানার মহুলা মোড়ের কাছে একটি চারচাকা গাড়ির ধাক্কায় বিউটিদেবীর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, বিউটিদেবী মহুলা এলাকায় একটি রাইস মিলে কাজ করতেন। এদিন বাড়ি ফেরার জন্য বাসের অপেক্ষায় পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের মহুলা মোড়ে দাঁড়িয়েছিলেন। সেই সময় রঘুনাথপুরগামী একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। তাতে বিউটিদেবী গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চালক পলাতক।

Advertisement

ওইদিন রাতেই পাড়া থানার রুকনি মোড়ের কাছে বাইকের ধাক্কায় দু’জন গুরুতর জখম হন। ওইদিন রাতে তাঁরা সাঁওতালডিহি-রঘুনাথপুর রাজ্য সড়ক ধরে হেঁটে আসছিলেন। এক বাইকচালক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। ঘটনায় তিনজনই গুরুতর জখম হন। পুলিস তাঁদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে অন্যত্র রেফার করা হয়। বাকি দু'জন হাসপাতালে চিকিৎসাধীন। ওইদিন ভোরের দিকে চিনপিনা রেলগেটের কাছে এক যুবক বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। তাতে ওই যুবক গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অন্যত্র রেফার করা হয়।

সম্পর্কিত সংবাদ