নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: গ্লসি আইবিস বা ওপেন বিল স্টোর্ক, নাইট হেরোন, ইগ্রেটস, কর্মরান্ট নয়। কুলিক পক্ষীনিবাস ও আশপাশের এলাকায় এবার দেখা মিললো পানকৌড়ি প্রজাতির ওরিয়েন্টাল ডারটারের। শনিবার থেকে দু’দিন ব্যাপী পক্ষীগণনা শুরু হওয়ার পর এমনই তথ্য উঠে এলো, রায়গঞ্জ বনবিভাগ সূত্রে। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস কুলিকে ওরিয়েন্টাল ডারটারের বাসা তৈরী নিয়ে বেজায় খুশি পক্ষীপ্রেমী থেকে বন আধিকারিকরা। তাঁদের বক্তব্য, খুব স্বল্প সংখ্যায় পানকৌড়ি প্রজাতির ওরিয়েন্টাল ডারটারের হাজির হওয়া কুলিক পক্ষীনিবাসের জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক। সেই সঙ্গে গ্লসি আইবিস সহ দীর্ঘ বছরের মতো নাইট হেরোন, ইগ্রেটস, কর্মরান্ট, এশিয়ান ওপেন বিল স্টোর্ক প্রজাতির প্রচুর পরিযায়ীর দেখা পাওয়া গেল। যা পক্ষীনিবাসে এবারও বেশি সংখ্যায় পরিযায়ী পাখি আগমনের একটি সঙ্কেত। শনিবার বিভিন্ন পক্ষী প্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সহ স্কুল পড়ুয়া, বন দপ্তরের কর্মী সকলকে নিয়ে গণনাপর্বের আয়োজন হয়। বিশেষ শিবিরের আয়োজন হয়।
রায়গঞ্জের ডিএফও ভূপেন বিশ্বকর্মা বলেন, দুই দিনের পাখি গণনা পর্বে প্রথম দিন পক্ষীনিবাসের ভিতরের অংশের চিহ্নিত গাছের পাখি গণনা করা হয়। রবিবার পক্ষী নিবাসের বাইরে পাখি গণনা হবে।
রায়গঞ্জের পক্ষী বিশারদ বাসুদেব চক্রবর্তী বলেন, স্বল্প সংখ্যায় হলেও পানকৌড়ি প্রজাতির ওরিয়েন্টাল ডারটারের হাজির হওয়া কুলিক পক্ষীনিবাসের জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক। সেইসঙ্গে গ্লসি আইবিস সহ দীর্ঘ বছরের মতো নাইট হেরোন, ইগ্রেটস, কর্মরান্ট, এশিয়ান ওপেন বিল স্টোর্ক প্রজাতির প্রচুর পরিযায়ীর দেখা মিলেছে। যা পক্ষীনিবাসে এবার পরিযায়ী পাখি বেশি সংখ্যায় আগমনের একটি সঙ্কেত।
উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলসের অন্যতম সদস্য গৌতম তান্তিয়া বলেন, ভোর থেকে গণনা পর্ব শুরু হয়। এ বছর বৃষ্টিপাত ভালো হওয়াতে পাখির সংখ্যা গত বছরের চেয়ে বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। এদিনের গণনার কাজে শুধু আমাদের সংগঠন নয়, রায়গঞ্জ পিপল ফর অ্যানিমালস, নর্থ বেঙ্গল ফটোগ্রাফি ক্লাব, হিমালয়ান মাউনটেনিয়ারিং এন্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন, রায়গঞ্জ উৎকর্ষ ওয়াইল্ড লাইফ নেচার সোসাইটি ও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এনসিসি বিভাগের পড়ুয়ারা উপস্থিত ছিলেন।