নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১০ দিনের ব্যবধানে দু’টি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল কলকাতার বাণিজ্যিক এলাকায়। চুরির অভিযোগে বৃহস্পতিবার দু’টি গ্যাংয়ের ছ’জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের জেরা করে চোখ কপালে গোয়েন্দাদের। জানা যায়, দু’টি পৃথক গ্যাংয়ের ‘মাস্টারমাইন্ড’ দুই ভাই। তাদের কারসাজিতে চলছিল একের পর এক অপারেশন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম চুরিটি হয় পোস্তা এলাকার একটি বাড়িতে। চুরি গিয়েছিল টাকা ভরতি বাক্স। দ্বিতীয় চুরিটি বড়বাজার থানা এলাকায়। ফুটপাতে থাকা দোকানের তালা ভেঙে প্রায় দেড় লক্ষ টাকার ইমিটেশনের গয়না চুরি যায়। তদন্তে নামে লালবাজারের গোয়েন্দারা। জানা যায়, দু’টি চুরির ক্ষেত্রে আলাদা গ্যাং জড়িত। কিন্তু, টিম লিডার একে অপরের ভাই। নাম নারায়ণ বাগ ও পূর্ণ বাগ। বাড়ি বরানগর। এই দুই ভাই সহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হল সইরব মিদ্দ্যা, অতুল কুমার, তুষার সর্দার, জিৎ সইল। ধৃতদের জিজ্ঞাসা করে জানা গিয়েছে, রাতের বেলা সেন্ট্রাল অ্যাভিনিউ, বড়বাজার, পোস্তা এলাকায় ঘুরে বেড়াত তারা। টার্গেট করত ফুটপাত ও সংলগ্ন বাড়ি। বৃহস্পতিবার ৬ অভিযুক্তকে বিটি রোডের উপর ডানলপ বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা বিভাগের ওয়াচ শাখা।



