ওয়াশিংটন: অদ্ভুত সমাপতন! একই দিনে আমেরিকা ও রাশিয়ায় ভেঙে পড়ল দু’দেশের পরমাণু অস্ত্র বহনে সক্ষম দুটি বোমারু বিমান। প্রথম ঘটনাটি ঘটেছে, ক্যার্লিফোনিয়ার মোজাভে মরুভূমিতে। সোমবার এডওয়ার্ডস এয়ারফোর্স বেস থেকে উড়ান শুরুর কয়েক মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে একটি বি-৫২ বোম্বার। একই দিনে রাশিয়ার সাইবেরিয়ায় ট্রেনিংয়ের সময় ভেঙে পড়ল টিইউ-২২এম৩ যুদ্ধ বিমান।
মার্কিন বিমান বাহিনী সূত্রে জানা গিয়েছে, রুটিন পরীক্ষামূলক উড়ানের জন্যই এডওয়ার্ডস ঘাঁটি থেকে টেক অফ করেছিল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ বম্বারটি। তবে কয়েক মুহূর্তের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে সেটি। মাটিতে আছড়ে পড়ার পর আগুন ধরে যায় বিমানটিতে। জানা গিয়েছে, বি-৫২ বম্বারটিতে মার্কিন বায়ুসেনা কর্মী, সরকারি আধিকারিক, কনট্রাক্টর সহ মোট আট জন ছিলেন। তাঁদের কারোই বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।
অন্যদিকে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, সাইবেরিয়ার আনকারা নদীর তীরের একটি জঙ্গলে ভেঙে পড়ছে রুশ যুদ্ধবিমানটি। এরপরেই ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া দেখা যায়। তবে রুশ প্রশাসন জানিয়েছে, ভেঙে পড়া টিইউ-২২এম৩ যুদ্ধ বিমান থেকে সফলভাবে বেরিয়ে আসতে পেরেছেন ক্রুরা।