নিজস্ব প্রতিনিধি, বারাসত: টেবিল জুড়ে সাজানো থরে থরে টাকার বান্ডিল! পাশাপাশি বসে বিজেপির বাদুড়িয়া পৌরমণ্ডলের দুই নেতা। সেই ছবি ও ভিডিও ঘিরেই সরগরম বাদুড়িয়ার রাজনৈতিক মহল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি-ভিডিও’তে বসিরহাট জেলা বিজেপির সদস্য বলে পরিচিত বিশ্বজিৎ পাল এবং সঞ্জয় ঘোষকে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। আর তাদের সামনে বসে রয়েছেন বাদুড়িয়ার এক দাপুটে তৃণমূল নেতা সমীর মণ্ডল। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, সাদা শার্ট পরা বসিরহাট জেলা বিজেপির সদস্য বলে পরিচিত বিশ্বজিৎ পাল একটি চেয়ারে বসে রয়েছেন। তাঁর পাশে হলুদ পাঞ্জাবি পরা জেলা বিজেপির সদস্য বলে পরিচিত সঞ্জয় ঘোষ। বন্ধ ঘরে এই ছবি ঘিরে তৈরি হয়েছে চর্চা (যদিও এর সত্যতা যাচাই করেনি বর্তমান)। এই ছবি সামনে এনে তাঁদের বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ তুলছে বিজেপি’রই একাংশ। সূত্রের দাবি, বাদুড়িয়ার একটি চিটফান্ডের পরিত্যক্ত অফিসেই এখন বিজেপির স্থানীয় কার্যালয় চলছে। অভিযোগ, সেখান থেকেই দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার নামে অর্থ লেনদেন হয়। সন্ধ্যা নামলেই এই অফিসে বিভিন্ন মানুষের আনাগোনা বাড়ে বলেও দাবি স্থানীয়দের একাংশের। ভাইরাল হওয়া ছবি ও ভিডিও ঘিরে এলাকায় জোর চর্চা শুরু হয়েছে।
প্রসঙ্গত, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা থামেনি। রাজ্যে ক্ষমতার পালাবদল হলেও বাদুড়িয়া এখনও তৃণমূল প্রভাবিত এলাকা বলেই রাজনৈতিক মহলের একাংশের মত। এই বিধানসভার বিধায়ক তৃণমূলের। তবে, তাঁকে এলাকায় সেই অর্থে দেখা যায় না বলেই মত স্থানীয়দের। এরমধ্যেই বাদুড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দীপঙ্কর চক্রবর্তীকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কারণ, তাঁর বাড়ি ও পাট খেত থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় জেলা রাজনীতি যখন উত্তপ্ত। আর এই পর্বে তৃণমূলের উপর চাপ বাড়াচ্ছে বিজেপি ও কংগ্রেস। সূত্রের খবর, যেহেতু রাজ্যে শাসক বিজেপি, তাই বাদুড়িয়ার বিভিন্ন পঞ্চায়েত ও বাদুড়িয়া পঞ্চায়েত সমিতিতে চাপ বাড়াচ্ছে গেরুয়া শিবির। দলের অনেকে চাইছেন বাদুড়িয়া পুরসভার বোর্ড ভেঙে দেওয়া ও পঞ্চায়েতে অনাস্থা আনা। তাই এই বিষয়গুলি নিয়ে যাতে নতুন করে চাপ বাড়ানো হয়, তাই কি পদ্মপার্টিকে ‘ম্যানেজ’ করার চেষ্টা হচ্ছে? প্রশ্ন তুলছেন বিজেপির একটি বড়ো অংশ। এ নিয়ে বিশ্বজিৎ পাল ও সঞ্জয় ঘোষের প্রতিক্রিয়া জানতে একাধিকবার ফোন করা হলেও, যোগাযোগ করা যায়নি। তবে, বাদুড়িয়া বিজেপির পৌরমণ্ডলের সভাপতি বিশ্বজিৎ পাল (ছোট) ভাইরাল ছবিটি দেখেছেন বলে স্বীকার করছেন। এরপর তাঁর বক্তব্য, বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য করব না। এটা দলের বিষয়, দলেই দেখা হবে।