Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাসপাতালের মহিলা স্বাস্থ্যকর্মীকে উত্ত্যক্ত করার অভিযোগ, ধৃত দুই

হাসপাতালের মহিলা স্বাস্থ্যকর্মীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বাউড়িয়া থানার ফোর্ট গ্লস্টার জেনারেল হাসপাতালে।

হাসপাতালের মহিলা স্বাস্থ্যকর্মীকে  উত্ত্যক্ত করার অভিযোগ, ধৃত দুই
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: হাসপাতালের মহিলা স্বাস্থ্যকর্মীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে বাউড়িয়া থানার ফোর্ট গ্লস্টার জেনারেল হাসপাতালে। এমনকি দুষ্কৃতীদের ধরতে গিয়ে ইটের ঘায়ে আহত হন এক পুলিশ অফিসার। ঘটনায় শেখ সলমান ও মহম্মদ ছোট্টু নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বাড়ি বাউড়িয়া নর্থ মিল ফল পট্টিতে। বুধবার তাদের উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে ফোর্ট গ্লস্টার জেনারেল হাসপাতালের মহিলা স্বাস্থ্যকর্মীকে নানাভাবে উত্ত্যক্ত করার আভিযোগ উঠছিল এলাকার কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। সম্প্রতি বাউড়িয়া থানায় অভিযোগও জমা পড়ে। সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে বাউড়িয়া থানার সাব ইনস্পেক্টর সুবীর সেন হাসপাতালে গিয়েএক দুষ্কৃতীকে হাতে নাতে ধরে ফেলেন। অন্যদিকে, গ্রেপ্তারের বিষয়টি জানাজানি হলে ধৃতকে ছাড়াতে হাসপাতাল চত্বরে ভিড় জমায় তার সঙ্গীরা। খবর পেয়ে বাউড়িয়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী হাসপাতালে পৌঁছায়। অভিযোগ, সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। ইটের আঘাতে সাব ইনস্পেক্টর বিকাশ সরকার আহত হন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে আরও এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে হাসপাতাল চত্বরে নানা অসামাজিক কাজকর্ম চলে। আতঙ্কে থাকেন রোগীর আত্মীয় পরিজনরা। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, ধৃতদের হেপাজতে নিয়ে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তল্লাশি চালানো হবে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ