Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

চালক সেজে নামী বিপণির মুদিখানা সামগ্রী চুরির অভিযোগ, ধৃত যুবক সহ দুই

চালক বলে ভুয়ো পরিচয় দিয়ে একটি নামী বিপণির বিপুল পরিমাণ মুদিখানা সহ বিভিন্ন সামগ্রী চুরি করে পালিয়েছিলেন এক যুবক।

চালক সেজে নামী বিপণির মুদিখানা সামগ্রী চুরির অভিযোগ, ধৃত যুবক সহ দুই
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: চালক বলে ভুয়ো পরিচয় দিয়ে একটি নামী বিপণির বিপুল পরিমাণ মুদিখানা সহ বিভিন্ন সামগ্রী চুরি করে পালিয়েছিলেন এক যুবক। এমন অভিযোগে ১৯ বছরের ওই যুবককে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। সেই সামগ্রী যাকে তুলে দেওয়া হয়েছিল, (রিসিভার) তাঁকেও ধরা হয়েছে। জানা গিয়েছে, মার্চ মাসে হুগলির শ্রীরামপুর থেকে একটি গাড়িতে করে ওই বিপনির জন্য বিপুল পরিমাণ সামগ্রী গড়িয়ায় নিয়ে আসা হচ্ছিল। অভিযোগ, যিনি ওই গাড়ির চালক ছিলেন, তিনি সংশ্লিষ্ট কোম্পানির কেউ নন। মিথ্যা পরিচয়পত্র দিয়ে চালক সেজে ঢুকেছিলেন। এরপর পাটুলিতে গাড়ি খালি করে গড়িয়া জলপোল এলাকায় সেটি ফেলে রেখে পালিয়ে যান ওই যুবক ও তাঁর দলবল।

Advertisement

এই সামগ্রী চুরি হওয়ার অভিযোগ দায়ের হয়েছিল নরেন্দ্রপুর থানায়। শুরু হয় তদন্ত। পুলিশ জানতে পারে, এই ঘটনার সঙ্গে রোহিত সিং ও রাহুল মণ্ডল নামে দুই যুবক ও তাঁদের দলবল জড়িত। শুরু হয় তাঁদের খোঁজ। মাঝে নির্বাচনের কারণে তদন্ত প্রক্রিয়া কিছুটা ব্যাহত হলেও ওই দুই অভিযুক্তকে ধরার ব্যাপারে চেষ্টা জারি ছিল পুলিশের। শেষ পর্যন্ত দু’দিন আগে পুলিশ টহলদারির সময় রোহিতকে গঙ্গাজোয়ারা এলাকায় ঘুরতে দেখে। তখনই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
ধৃতকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, নরেন্দ্রপুর স্টেশন এলাকায় বাসুদেব সর্দার নামে এক ব্যক্তির কাছে চুরি করা সামগ্রী তুলে দিয়েছিলেন ধৃত। এরপর বাসুদেব একটি মুদিখানা দোকানে অনেকটা সামগ্রী বিক্রি করেছিলেন। সেখানে হানা দিয়ে সেসব উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় বাসুদেবকে। তবে বাকি সামগ্রী পিয়ালিতে তাঁর আত্মীয়র বাড়িতে রাখা আছে বলে জেরায় জানান তিনি। সেখানেও অভিযান চালিয়ে পুলিশ সব সামগ্রী উদ্ধার করেছে। এসব করতে লেগে যায় আরো দু’দিন। তবে এখনও রাহুল নামে আরেক যুবক পলাতক। খোঁজখবর করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে, এই দুজনের নামে টালিগঞ্জ, বজবজ, এয়ারপোর্ট, নরেন্দ্রপুর থানায় চুরির অভিযোগ রয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ