সংবাদদাতা, বনগাঁ: হাসপাতালের মহিলা ওয়ার্ডে ঢুকে কর্তব্যরত নার্সকে কাজে বাধা দেওয়া হয়। এমনকী তাঁকে হেনস্তা, গালাগালিও করা হয়। এই অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। ধৃতদের নাম অরুণ মণ্ডল ও প্রণব বালা। সোমবার ঘটনাটি ঘটেছে বাগদা গ্রামীণ হাসপাতালে। মঙ্গলবার ধৃতদের বনগাঁ আদালতে তোলা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেন। সোমবার সকালে মহিলা ওয়ার্ডে এক শিশুর চিকিৎসা করছিলেন হাসপাতালের নার্স। সেই সময় অভিযুক্ত কয়েকজন এক মহিলাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। শিশুটিকে ছেড়ে ওই মহিলার চিকিৎসা করার নির্দেশ দেন তাঁরা। সেকথা না শুনে নার্স শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়ায় তাঁকে উদ্দেশ্য করে অশালীন গালাগালি দেন অভিযুক্তরা। এমনকী কাজে বাধা দেওয়ার পাশাপাশি নার্সকে ধাক্কাধাক্কিও করেন বলে অভিযোগ। পাশাপাশি নার্সকে হুমকিও দেন তাঁরা। এরপর বাগদা ব্লক স্বাস্থ্য আধিকারিক শুভ্রজ্যোতি মজুমদার অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে বাগদা থানায় অভিযোগ দায়ের করেন। সোমবার রাতেই দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিএমওএইচ শুভ্রজ্যোতি মজুমদার বলেন, অভিযুক্তরা হাসপাতালে ঢুকে নার্সকে হেনস্তা করেন। হুমকি দেন। থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে। আমরা চাই, আইন মেনে ধৃতদের শাস্তি হোক।



