নিজস্ব প্রতিনিধি, ক্যানিং: অপরাধ বিরোধী অভিযান চলাকালীন গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে দুই ব্যক্তিকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করল ক্যানিংয়ের জীবনতলা থানার পুলিশ।
নিজস্ব প্রতিনিধি, ক্যানিং: অপরাধ বিরোধী অভিযান চলাকালীন গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে দুই ব্যক্তিকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করল ক্যানিংয়ের জীবনতলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জীবনতলা থানার এসআই শুভঙ্কর করণের নেতৃত্বে খাগড়া এলাকায় খায়রুল লস্করের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে দুই অভিযুক্ত সুবিদ আলি ঢালি ওরফে ঝড়ো ঢালি এবং মনিরুল পৈলানকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা তাদের লুকিয়ে রাখা অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের অবস্থান সম্পর্কে তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিতে সুবিদ আলি ঢালির দেখানো জায়গা থেকে বাড়ির উঠোনে কালো ত্রিপল দিয়ে ঢাকা পাথরের স্তূপের নিচ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। অন্যদিকে, মনিরুলকে জেরা করতেই স্থানীয় এক পুকুরের পাশ থেকে আরও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ রাখার জন্য অভিযুক্তদের কাছে কোনো বৈধ লাইসেন্স বা সরকারি অনুমোদনের নথি পাওয়া যায়নি। এরপর আইনানুগ প্রক্রিয়া মেনে ভিডিওগ্রাফির মাধ্যমে সিজার লিস্ট প্রস্তুত করে উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজ জব্দ করা হয়। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে দন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।