মহিলা পুলিশকর্মীকে মারধরের অভিযোগ পিজিতে, গ্রেপ্তার দুই
  • ২৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভিজিটিং কার্ড ছাড়া রোগী দেখতে হাসপাতালের উপরের তলায় যেতে নিষেধ করায় কর্তব্যরত মহিলা কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে এসএসকেএম হাসপাতালে। এমনকি অভিযুক্তরা পুলিশকে মারধরের জন্য অন্যদের উৎসাহিত করে বলে অভিযোগ। মহিলা পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতে আব্বু বক্কর ও মণিরুল নামে দুজনকে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ইমার্জেন্সিতে ডিউটি ছিল ওই মহিলা কনস্টেবলের। বিকালে সেখানে এক ব্যক্তি এসে জানায়, তার আত্মীয় ভরতি আছে। তাকে দেখতে যেতে চায়। কনস্টেবল তার কাছে ভিজিটিং কার্ড দেখতে চান। অভিযুক্ত তা দেখাতে অস্বীকার করে। উল্টে কনস্টেবলের সঙ্গে তর্ক জুড়ে দেয়। সে বলতে থাকে, অনেকেই ভিজিটিং কার্ড ছাড়া উপরে রোগী দেখতে যাচ্ছেন। মহিলা পুলিশকর্মী বাধা দিচ্ছেন না। অথচ তাকে বাধা দেওয়া হচ্ছে। অভিযুক্ত সেখানে উপস্থিত অন্যদের চিৎকার করে বলতে থাকে, তাকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। তা শুনে অন্য এক রোগীর আত্মীয় এগিয়ে এসে উপরে যেতে চায়। মহিলা পুলিশকর্মী জানান, ভিজিটিং কার্ড ছাড়া তিনি কাউকে যাওয়ার অনুমতি দেবেন না। এরপরই দুই অভিযুক্ত ওই মহিলা পুলিশকর্মীকে মারধর করে বলে অভিযোগ। তারা অন্যদের প্ররোচিত করে কনস্টেবলকে মারধর করার জন্য। অনেকেই সেখানে জড়ো হন। খবর পেয়ে আসে ভবানীপুর থানার পুলিশ। তারা ওই মহিলা কনস্টেবলকে উদ্ধার করে। তিনি অভিযোগ করলে আবু বক্কর ও মণিরুলকে গ্রেপ্তার করে থানা।