নয়াদিল্লি: ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের বিপত্তিতে সামনে এল চাঞ্চল্যকর তথ্য! ওইদিন গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন পাইলট। ঘটনার পরেই পাইলটের ডোপ টেস্ট করা হয়। তাতে তিনি পাশ করতে পারেননি। দ্বিতীয় ডোপ টেস্টেও তাঁর মাদক সেবনের প্রমাণ মিলেছে। ৪ আগস্ট দিল্লিতে অবতরণের আগে এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে এআই-২৩৭৯ বিমানটি। ১৩৭ জন যাত্রী ও আট জন ক্রু ছিলেন সেটিতে। টার্বুলেন্সের প্রভাবে হঠাত্ করেই প্রায় ৩০০ ফুট নীচে নেমে আসে বিমানটি। প্রবল ঝাঁকুনিতে আহত হন প্রায় ২০ জন যাত্রী ও বিমানকর্মী। এয়ার টার্বুলেন্সের পড়ার সময় পাইলট ককপিটে ছিলেন না বলে আগেই জানা গিয়েছিল। সূত্রের খবর, দিল্লিতে অবতরণের পর পাইলটের প্রাথমিক শারীরিক পরীক্ষা করা হয়েছিল। তার কিছুক্ষণ পরে ফের একবার টেস্ট হয়। দ্বিতীয় টেস্টে স্পষ্ট প্রমাণ মিলেছে যে, গাঁজা সহ ধূমপান করেছিলেন। এদিকে, ঘটনার ব্যাখা চেয়ে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসনকে ডেকে পাঠিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।



