Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাট বদলের ভাবনা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাট বদলের ভাবনা
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লন্ডন: আগামী জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। তারপর শুরু হওয়ার কথা ডব্লুটিসি’র নতুন পর্ব। কিন্তু আইসিসি’র কর্তারা টেস্ট ক্রিকেটে বড় বদল আনার পরিকল্পনা নিয়েছেন। খুব সম্ভবত দ্বিস্তরীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ হবে। যেখানে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো প্রথম সারির দলগুলি খেলবে একটি স্তরে। আর আর একটা স্তরে থাকবে বাকি দলগুলি। এমনকী, চার দিনের টেস্ট ম্যাচ করা নিয়েও আলোচনা চলছে। এর পিছনে ক্রিকেট মহল অন্য কারণ দেখছে। আসলে বাইশ গজে ভারত-পাকিস্তান কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। ফলে দুই দলের মধ্যে কোনও লড়াই দেখার সম্ভাবনা নেই। পাশাপাশি, দক্ষিণ আফ্রিকা এবার ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও টেস্ট সিরিজ না খেলেই। তাই ডব্লুটিসি’র ফরম্যাট নিয়ে প্রশ্ন উঠছে। আইসিসি চেয়ারম্যান পদে বসেই টেস্ট ক্রিকেটকে আমূল বদলে দেওয়ার পদক্ষেপ নিয়েছেন জয় শাহ। এক্ষেত্রে তাঁর যুক্তি, সেরা দলগুলিকে নিয়ে আলাদা টুর্নামেন্ট হোক। তাতে দর্শকরা অনেক বেশি মাঠে আসবেন এবং লড়াইয়ে সামঞ্জস্য থাকবে, উপার্জনও বাড়বে। আর দ্বিতীয় স্তরে আর্থিকভাবে দুর্বল দলগুলি খেলবে। সেখান থেকে পরের স্তরে উন্নীত হবে একটা বা দু’টি দল। 
Advertisement
আইসিসি’র এই পরিকল্পনার কড়া সমালোচনা করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্লাইভ লয়েড। তিনি বলেছেন, ‘টু টিয়ার টেস্ট টুর্নামেন্ট চালু হলে তা ক্রিকেটেরই ক্ষতি করবে। কারণ, আগ্রহ বেশি থাকবে প্রথম স্তরের দলগুলিকে ঘিরে। সেক্ষেত্রে দ্বিতীয় স্তরের দলগুলি থেকে ক্রিকেটপ্রেমীরা মুখ ফিরিয়ে নেবেন। তাতে আয়ও কমবে সংশ্লিষ্ট বোর্ডগুলির। তাই এই ধরনের সিদ্ধান্ত কার্যকরী করার আগে আইসিসি’র দু’বার ভাবা উচিত। ওয়েস্ট ইন্ডিজ ১০০ বছর ধরে টেস্ট খেলছে। কিন্তু আর্থিক অভাবের কারণে আমাদের দ্বিতীয় সারিতে নামিয়ে দেওয়া হলে, সেটা সঠিক পদক্ষেপ হবে না।’
Advertisement
সম্পর্কিত সংবাদ