Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

টেস্টে বর্ষসেরা বুমরাহ

টেস্টে বর্ষসেরা বুমরাহ
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
দুবাই: আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় দাপট ভারতের। টেস্টে শ্রেষ্ঠত্বের মুকুট উঠল যশপ্রীত বুমরাহর মাথায়। আর মহিলাদের একদিনের ক্রিকেটে বর্ষসেরা হয়েছেন স্মৃতি মান্ধানা। উল্লেখ্য, গত শনিবারই অর্শদীপ সিং টি-২০’র বর্ষসেরা ঘোষিত হন।
Advertisement
২০২৪ সালে দুরন্ত ফর্মে ছিলেন বুমরাহ। ১৩ টেস্টে মাত্র ১৪.৯২ গড়ে ডানহাতি পেসার নেন ৭১টি উইকেট। তিনি হাত ঘোরান মোট ৩৫৭ ওভার। বুমবুমের স্ট্রাইক রেট ৩০.১। ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে ভারতের টেস্ট সিরিজ জেতার নেপথ্যে বড় অবদান ছিল তাঁর। এক ক্যালেন্ডার বর্ষে ৭০ বা তার বেশি উইকেট নেওয়া ভারতীয়দের তালিকায় বুমরাহ চতুর্থ। আগের তিনজন হলেন কপিল দেব, অনিল কুম্বলে ও রবিচন্দ্রন অশ্বিন। বুমরাহ বলেছেন, ‘টেস্টে বর্ষসেরা ক্রিকেটার হতে পেরে দারুণ খুশি। এই ফরম্যাট চিরকালই আমার অত্যন্ত প্রিয়। গত বছরের উইকেটগুলির মধ্যে স্পেশালের সংখ্যা কম নয়। তবে তার মধ্যেও বিশাখাপত্তনমে ওলি পোপের উইকেটটি বিশেষ হয়ে থাকবে।’
২০২৪ সালে যতই টেস্টের বর্ষসেরা হোন, এই বছরের গোড়া থেকেই বুমরাহ ভুগছেন পিঠের চোটে। সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি তিনি। সেই থেকে মাঠের বাইরে ৩১ বছর বয়সি। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় স্কোয়াডে থাকলেও তাঁর খেলা নিয়ে রয়েছে ঘোর সংশয়। বুমবুম খেলতে না পারলে নিশ্চিতভাবে মেগা আসরে তীক্ষ্ণতা হারাবে টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণ।
গত বছর মহিলাদের ক্রিকেটে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন স্মৃতি মান্ধানা। তারই স্বীকৃতি পেলেন তিনি। এর আগে ২০১৮ ও ২০২২ সালে আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন ভারতীয় তারকা। এবার ৫০ ওভারের ফরম্যাটে হলেন বর্ষসেরা। ২০২৪ সালে ১৩ ম্যাচে তাঁর ব্যাটে এসেছে ৭৪৭ রান।
এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এখনও পুরোপুরি প্রস্তুত নয় পাকিস্তানের স্টেডিয়ামগুলি। তারই মধ্যে মঙ্গলবার টিকিট বিক্রি শুরু করতে চলেছে আইসিসি। উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের পাশাপাশি ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। ডেডলাইন অনুযায়ী ৩০ জানুয়ারি টুর্নামেন্টের ভেন্যুগুলি আইসিসি’র হাতে তুলে নেওয়ার কথা আয়োজক পাকিস্তানের। তবে এখনও তিনটি স্টেডিয়ামের গ্যালারি সংস্কারের কাজ শেষ হয়নি।
Advertisement
সম্পর্কিত সংবাদ