নয়াদিল্লি: তিনি বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকার প্রেসিডেন্ট। তবে ডোনাল্ড ট্রাম্পের পরিচয় নিছক রাজনীতির গণ্ডিতে সীমাবদ্ধ নয়। তিনি সফল শিল্পপতিও বটে। ট্রাম্পের সর্বশেষ বার্ষিক আর্থিক বিবরণী থেকে জানা যাচ্ছে, ক্রিপ্টোকারেন্সি, রিয়েল এস্টেট, লাইসেন্সিং এবং বিনিয়োগ থেকে তাঁর আয় ২২০ কোটি ডলারেরও বেশি। শুধু আমেরিকা নয়, বিশ্বের অন্তত ২০টি দেশে ছড়িয়ে রয়েছে তাঁর ব্যবসা। ভারতও রয়েছে সেই তালিকায়। ভারত থেকে ‘ব্যবসায়ী’ ট্রাম্পের লক্ষ্মীলাভের বহরও চমকপ্রদ। ট্রাম্পের পেশ করা নথিতে দেখা যাচ্ছে, ভারতের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি সংস্থা, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ও লাইসেন্সিং চুক্তি থেকে ট্রাম্প অর্গানাইজেশন লক্ষ লক্ষ ডলার আয় করেছে।
আমেরিকার অফিস অব গভর্নমেন্ট এথিক্স-এ পেশ হওয়া তথ্য বলছে, ট্রাম্পের প্রধানতম বৈদেশিক রিয়েল এস্টেট লাইসেন্সিং বাজারগুলির মধ্যে অন্যতম হল ভারত। এদেশে ট্রাম্প অর্গানাইজেশনের ব্যবসাটি মূলত লাইসেন্সিং চুক্তির মাধ্যমে পরিচালিত হয়। ভারতের স্থানীয় ডেভেলপাররা প্রিমিয়াম আবাসন ও বাণিজ্যিক প্রকল্পে ‘ট্রাম্প’ নামটি ব্যবহারের জন্য কাড়ি কাড়ি অর্থ প্রদান করে তাদের। দাখিল হওয়া নথি থেকে দেখা যাচ্ছে, এইসব চুক্তি থেকে ২০২৫ সালে লাইসেন্সিং বাবদ প্রায় ৮৫ লক্ষ ডলার আয় হয়েছে ট্রাম্প অর্গানাইজেশনের। ভারতীয় মুদ্রায় আয়ের এই পরিমাণ প্রায় ৮১ কোটি টাকা। ভারত থেকে মার্কিন প্রেসিডেন্টের সংস্থাকে সবচেয়ে বেশি অর্থের জোগান দিয়েছে হরিয়ানার গুরুগ্রাম। সেখানে এম৩এম গ্রুপ ও ট্রিবেকা ডেভেলপারস-এর অংশীদারিত্বে নির্মিত ট্রাম্প-ব্র্যান্ডের বিলাসবহুল আবাসন প্রকল্পগুলি থেকে সর্বোচ্চ লাইসেন্স ফি আদায় হয়েছে। এর মোট পরিমাণ ৫৪ লক্ষ ডলার। তবে ভারতে ট্রাম্পের ব্যবসা শুধুমাত্র হরিয়ানায় সীমাবদ্ধ নয়। মুম্বই, হায়দরাবাদ, নয়ডা, পুনে এবং কলকাতাতেও তা ছড়িয়ে রয়েছে। পেশ হওয়া নথি বলছে, ব্র্যান্ডেড রিয়েল এস্টেট প্রকল্পের মাধ্যমে ট্রাম্প অর্গানাইজেশন ভারতের বিভিন্ন শহরে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে।