আমেরিকা, ২ আগস্ট: আমেরিকা-ইরানের হামলা আপাত ইতি টানল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রবিবার দাবি করেন, ইরান এবং পশ্চিম এশিয়ার একাধিক দেশের অনুরোধে তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন। প্রস্তাবিত একটি চুক্তিতে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং পরমাণু হুমকিরও অবসান ঘটানো হবে বলে তিনি দাবি করেন। তবে দ্রুত এই চুক্তি চূড়ান্ত না হলে হামলা স্থগিত রাখারও সিদ্ধান্ত বহাল থাকবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প।
ভারতীয় সময় রবিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, 'ইরান এবং পশ্চিম এশিয়ার অন্যান্য দেশ আমাদের কাছে অনুরোধ করেছে, সেই অনুরোধের ভিত্তিতে, বিশ্বের স্বার্থে এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের ভবিষ্যতের কথা বিবেচনা করে আমি হামলা বাতিল করতে রাজি হয়েছি। তবে শর্ত একটাই, খুব দ্রুত একটি চুক্তি সম্পন্ন করতে হবে।' একই সঙ্গে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, 'প্রয়োজনে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতেও সম্পূর্ণ প্রস্তুত। প্রয়োজনে ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে শক্তিশালী সামরিক ক্ষমতা প্রদর্শন করা হবে।'
ট্রাম্প আরও দাবি করেন, ইজরায়েলও এই সম্ভাব্য চুক্তির প্রক্রিয়ায় যুক্ত হতে সম্মত হয়েছে এবং গত পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে আলোচনাকে সমর্থন করছে। যদিও এ বিষয়ে ইজরায়েলর পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। অন্যদিকে, তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি নতুন করে ইরানের ওপর হামলা চালায়, তবে তার পালটা জবাব দেওয়া হবে। সপ্তাহান্তে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের শীর্ষ নেতাদের সঙ্গে টেলিফোনে আলোচনায় এই বার্তা দেন।
ট্রাম্পের দাবি অনুযায়ী সম্ভাব্য চুক্তি বাস্তবায়িত হলে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হতে পারে এবং অঞ্চলজুড়ে সামরিক উত্তেজনা কিছুটা কমতে পারে। তবে এখনও পর্যন্ত ইরান বা ইজরায়েলের পক্ষ থেকে ট্রাম্পের দাবির কোনও আনুষ্ঠানিক বিব়তৃ দেয়নি।