ওয়াশিংটন: শেষ লগ্নে এসে মুখ থুবড়ে পড়েছে আলোচনার প্রচেষ্টা। আমেরিকার এব্যাপারে উদ্যোগী হয়েছিল। কিন্তু সেই যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করে দিয়েছে হামাস। এই অবস্থায় রীতিমতো অগ্নিশর্মা ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারির সুরে মার্কিন প্রেসিডেন্টের ‘পরামর্শ’, ইজরায়েলের এবার সামরিক অভিযানের গতি বাড়িয়ে গাজাকে দ্রুত ‘সাফ’ করে ফেলা উচিত। মনে হচ্ছে, শান্তি প্রতিষ্ঠার কোনও আগ্রহই হামাসের নেই। ওরা আসলে কোনও চুক্তি (যুদ্ধবিরতি সংক্রান্ত) চায় না। আমার মনে হয়, ওরা মরতেই চায়।’
হামাসের হাতে পণবন্দি সর্বশেষ মার্কিন-ইজরায়েলি নাগরিক ইদান আলেখজান্ডারের মুক্তি নিশ্চিত করতে সক্রিয় হয়েছিলেন ট্রাম্প। কিন্তু শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পশ্চিম এশিয়ায় নিযুক্ত মার্কিন দূত স্টিভ উইটকফ ঘোষণা করেছেন, আলোচনার চলতি প্রক্রিয়া থেকে আমেরিকা সরে আসছে। এরপরই সুর চড়ান ট্রাম্প। তিনি বলেছেন, ‘আলোচনা প্রক্রিয়ায় শেষ মুহূর্তে এসে হামাস সুর বদলেছে। তারা আপসে নারাজ। এর অর্থ তারা হিংসার রাস্তাতেই থাকতে চায়।’ শুক্রবার স্কটল্যান্ড সফরে রওনা হওয়ার আগে রাখঢাক না করেই গাজায় ইজরায়েলের সামরিক অভিযানকে সমর্থন জানান মার্কিন প্রেসিডেন্ট। গাজায় অসংখ্য শিশুর মৃত্যু ও দুর্ভিক্ষের আশঙ্কা সত্ত্বেও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে এসে দাঁড়ান। হামাসকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ‘খুব, খুবই বাজে হল। এবার কাজ দ্রুত গুটিয়ে আনতে হবে। ওদের (ইজরায়েল) সামরিক পথে সব সাফ করে ফেলতে হবে।’