


টোটোন বর্মন, শীতলকুচি: শীতলকুচি বিধানসভা পুনরুদ্ধারে লোকসভা নির্বাচনে পাওয়া লিড ধরে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। আর সেই লক্ষ্যেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন দলের নেতা কর্মীরা। অন্যদিকে, পুনরায় শীতলকুচিতে পদ্ম ফোটাতে বিজেপিও প্রচারে ঝাঁপিয়েছে। সবমিলিয়ে ভোটের আবহে শীতলকুচিতে এখন গরম হওয়া বইছে।
শীতলকুচি ব্লকে আটটি ও মাথাভাঙা-১ ব্লকের সাতটি পঞ্চায়েত নিয়ে এই বিধানসভা এলাকা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে ১৭,৮১৫ ভোটে জয়ী হন বিজেপির বরেনচন্দ্র বর্মন। যদিও এবার তার পরিবর্তে সাবিত্রী বর্মনকে প্রার্থী করেছে বিজেপি। গত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। লোকসভায় ১৬ হাজারের বেশি লিড দিয়ে তৃণমূল প্রার্থীকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল শীতলকুচি বিধানসভা। তাই শীতলকুচি পুনরায় দখলে রাখাটা বিজেপির কাছে মোটেও সহজ হবে না তা বলাই বাহুল্য। তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, প্রত্যেক বুথে জনসংযোগ ও খুলি বৈঠক শুরু হয়েছে। লোকসভায় পিছিয়ে থাকা বুথগুলিতে বাড়তি নজর দেওয়া হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপনকুমার গুহ বলেন, ২০২১ সালের বিধানসভা ভোটে ভাঁওতা দিয়ে বিজেপি জয়ী হয়েছে। লোকসভায় শীতলকুচির মানুষ বিজেপিকে যোগ্য জবাব দিয়েছে। সম্প্রতি নির্বাচনি জনসভায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কোচবিহার জেলার মধ্যে শীতলকুচির প্রার্থী হরিহর দাস সবচেয়ে বেশি ভোটে জয়ী হবেন। আমরাও সেই লক্ষ্যে এগচ্ছি।
অপরদিকে, লোকসভার ভরাডুবি ভুলে লিড দিতে আত্মবিশ্বাসী বিজেপি। বিজেপির শীতলকুচি বিধানসভার কনভেনর কনকচন্দ্র বর্মন বলেন, শীতলকুচির মানুষ বিজেপির সঙ্গেই রয়েছে। কারণ, রাজ্যের মানুষ এবার পরিবর্তন চাইছে।