Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দ্বারকার দূষণ রোধ ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজে বাধা বিজেপির তারাপীঠে পাল্টা মহামিছিল তৃণমূলের

তারাপীঠে বিজেপির পাল্টা বুধবার মহামিছিল করল তৃণমূল। রামপুরহাট-২ ব্লকের সমস্ত নেতা-কর্মী ও শ্মশানের সাধু সন্ন্যাসীরা মিছিলে পা মেলান।

দ্বারকার দূষণ রোধ ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজে বাধা বিজেপির তারাপীঠে পাল্টা মহামিছিল তৃণমূলের
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রামপুরহাট: তারাপীঠে বিজেপির পাল্টা বুধবার মহামিছিল করল তৃণমূল। রামপুরহাট-২ ব্লকের সমস্ত নেতা-কর্মী ও শ্মশানের সাধু সন্ন্যাসীরা মিছিলে পা মেলান। মিছিলে নেতৃত্ব দেন ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায়। ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি ত্রিদিব ভট্টাচার্য প্রমুখ। স্লোগান উঠল, সনাতনীদের নাম করে সনাতনীদেরই ধ্বংসকারী বিজেপি দূর হটো।

Advertisement

উল্লেখ্য, দ্বারকা নদের দূষণ রোধে তরল বর্জ্য পরিশোধনের জন্য প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট গড়ে তোলার কাজ শুরু করে পিএইচই। গোটা তারাপীঠজুড়ে একাধিক গর্ত করে চৌবাচ্চা করা হয়। যেখানে লজ, হোটেলের নোংরা জল এসে জমা হবে। পরে পরিশোধনের পর সেই জল দ্বারকায় ফেলা হবে। এই প্রকল্পেই শ্মশানে চৌবাচ্চা নির্মাণের জন্য গর্ত করা হচ্ছিল। 
বিজেপির অভিযোগ, যেখানে গর্ত করা হচ্ছে সেটি বৈষ্ণব ধর্মের মানুষের সমাধিস্থল। সনাতনীদের ভাবাবেগে আঘাত মানব না। এতে শ্মশানের পবিত্রতা নষ্ট হবে। গত ২৭ ফেব্রুয়ারি আন্দোলনে নেমে মাটি ফেলে ওই গর্ত বুজিয়ে দেয় তারা। যদিও পিএইচইর পক্ষ থেকে জানানো হয় কোনও সমাধি নষ্ট করা হচ্ছে না। পরিবেশ আদালতের নির্দেশেই কাজ হচ্ছে। পিএইচই ফের কাজ শুরু করে। গত ৬ মার্চ ফের মিছিল করে এসে একইভাবে মাটি ফেলে গর্ত বুজিয়ে দেয় তারা। যার প্রতিবাদে নামেন শ্মশানের সাধু সন্ন্যাসীরা। বর্তমানে রামপুরহাট এসডিও অফিসের সামনে টানা ধর্না চালিয়ে আসছে তারাপীঠ মহাশ্মশান রক্ষা মঞ্চ। যদিও সেখানে বিজেপি নেতা-কর্মীদের বসে থাকতে দেখা যাচ্ছে। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলাও করা হয়েছে। 
এদিন বিজেপির পাল্টা তারাপীঠ জুড়ে মহামিছিল করল তৃণমূল। টিআরডিএর ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুকুমার মুখোপাধ্যায় বলেন, কোনও সমাধি নষ্ট করা হচ্ছে না। আসলে তারাপীঠের যেকোনও উন্নয়নে বিরোধিতা করায় বিজেপির কাজ হয়ে দাঁড়িয়েছে। এই নোংরা চক্রান্তের বিরুদ্ধে এলাকার মানুষ এককাট্টা হয়ে প্রতিবাদ মিছিলে শামিল হয়েছেন। বিজেপি সনাতনীদের নাম করে মিথ্যার আশ্রয় নিয়ে ২৬শের নির্বাচনে জিততে চাইছে। কিন্তু, মানুষ বুঝে গিয়েছে, সনাতনীদের নাম করে সেই সনাতনীদেরই ক্ষতি করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বিজেপি। ভোটে মানুষ ওদের যোগ্য জবাব দেবে।
যদিও বিজেপির জেলা সহ সভাপতি তথা তারাপীঠের বাসিন্দা নিখিল বন্দ্যোপাধ্যায় বলেন, ওই জায়গা শ্মশানের নামে রেকর্ড রয়েছে। সেখানে সামান্য জায়গায় বৈষ্ণবদের সমাধিস্থল। সেখানে কেন এই কাজ হবে। তারই আপত্তি তুলেছি আমরা। এর আগে শ্মশানের কাঠের চুল্লির পাশে পিএইচই জল প্রকল্প করেছে। ভালো কাজ, বাধা দিইনি। কিন্তু, তার পাশেই পিএইচই গেস্ট হাউস করেছে। কোনও শ্মশানে এমন গেস্ট হাউস আছে। ওই দিকেই যদি এই কাজটা করত তাহলেও আপত্তি করতাম না। এরপরও যদি ওরা বলে আমরা সনাতনীদের নিয়ে রাজনীতি করছি তাহলে বলার কিছু নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ