


সুব্রত ধর, শিলিগুড়ি: টার্গেট ‘জেন-জি’ ভোটার! তাই শিলিগুড়িতে জোড়াফুলের প্রচার তুঙ্গে। নাচ, গান, পথ নাটক থেকে জায়ান্ট স্ক্রিনে সজ্জিত ট্যাবলো। তাতে প্রদর্শিত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সামাজিক প্রকল্প নিয়ে তৈরি তথ্যচিত্র। একই সঙ্গে চলছে সোশ্যাল মিডিয়ায় প্রচার। এই দুইয়ের যুগলে ভোটপ্রচারে ঝড় তুলেছে তৃণমূল। এদের টেক্কা দেওয়ার চেষ্টা করছে পদ্ম শিবির। তারাও এবার ময়দানে নামিয়েছে নাটকের দল। সমগ্র পরিস্থিতি নিয়ে স্থানীয় রাজনীতি সরগরম।
পাহাড় ও সমতল নিয়ে গঠিত দার্জিলিং জেলায় পাঁচটি বিধানসভা কেন্দ্র। যারমধ্যে সমতলভাগ শিলিগুড়িতেই তিনটি বিধানসভা কেন্দ্র, শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া। এসআইআরের জেরে এবার জেলার পাহাড় ও সমতলে লক্ষাধিক ভোটার কমেছে। তা হলেও জেলায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। প্রশাসন সূত্রের খবর, মহিলা ভোটারের সংখ্যা ৫ লক্ষ ৭৫ হাজার ৭৪৩ জনের মতো। জেলার পাঁচটি কেন্দ্রের মধ্যে চারটিতেই মহিলাদের সংখ্যা বেশি।
এরবাইরে ১৮-১৯ বয়সের নতুন ভোটারের সংখ্যা ৮৯৪৯ জন। এছাড়া ১৯ থেকে ৩৯ বয়সের ভোটার সংখ্যা প্রায় ৫ লক্ষ ৩৫ হাজার ৭৭২ জন। এই ভোটারদের সমর্থন আদায় করতেই ভোট প্রচারে ঝাঁপিয়েছে তৃণমূল। দলীয় সূত্রের খবর, সোশ্যাল মিডিয়া, এফ এম সহ বিভিন্ন টিভি চ্যানেলে রাজ্য সরকারের সামাজিক প্রকল্পগুলি নিয়ে চলছে প্রচার। সেই সঙ্গে সবুজসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্ণীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, যুবসাথী প্রভৃতি প্রকল্প নিয়ে গান, নৃত্য, পথনাটক প্রদর্শিত হচ্ছে। টিভি ও জায়ান্ট স্ক্রিন দিয়ে তৈরি করা হয়েছে ট্যাবলো। শিলিগুড়ি শহর থেকে গ্রাম-সর্বত্র সেই ট্যাবলো ঘুরে তথ্যচিত্র প্রদর্শিত হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার চেয়ারম্যান (সমতল) সঞ্জয় টিবরেওয়াল বলেন, যুব-মহিলা সহ সমাজের সর্বস্তরের মানুষের পাশে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ও পাড়ায় পাড়ায় প্রচার চালিয়ে ব্যাপক সাড়া মিলছে। এবার এখানকার প্রতিটি কেন্দ্রে জোড়াফুল ফুটবে বলেই আশা করছি।
অন্যদিকে, জোড়াফুল শিবিরকে প্রচারে টেক্কা দিতে মরিয়া পদ্ম শিবির। তারা সোশ্যাল মিডিয়ায় গান ও ছোটো তথ্যচিত্রের মাধ্যমে প্রচার চালাচ্ছে। এবার তারাও ময়দানে নামাবে নাটকের দল। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক অরুণ মণ্ডল বলেন, পোস্টার, ব্যানার, ফ্লেক্স, দেওয়াল লিখনের পাশাপাশি এবার ভোটপ্রচারে নাটকের টিম নামানো হচ্ছে।