নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দলীয় কাজকর্ম সেরে ফেরার পথে গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। আহতের নাম দিব্যেন্দু গায়েন। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুরে। বাইকে চেপে বাড়ি ফেরার পথে আচমকা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। বাইক থেকে পড়ে যাওয়ায় পর জ্ঞান হারান দিব্যেন্দুবাবু। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। আক্রান্ত কর্মী বলেন, আমাদের সভার প্রস্তুতি সেরে বাড়ি ফিরছিলেন। তখনই হামলা হয়। বিজেপি ছাড়া আর কে বা করবে! যদিও অভিযোগ অস্বীকার বিজেপির। গোসাবার বিজেপি প্রার্থী বিকর্ণ নস্করের দাবি, এই ঘটনা তৃণমূলের দ্বন্দ্বের ফল। মিথ্যে কথা বলে আমাদের দলের কর্মীদের ফাঁসানো হয়েছে।



