নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: হাতে হাতা-খুন্তি। গলায় গ্যাস সিলিন্ডারের পোস্টার। পরনে কালো শাড়ি। রবিবার নারী দিবসে উত্তরবঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন মহিলারা। যার নেতৃত্বে ছিল তৃণমূল মহিলা কংগ্রেস। এরজেরে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, কোচবিহার থেকে আলিপুরদুয়ার সর্বত্র রাজপথে মহিলাদের ভিড় উপচে পড়ে। মহিলারা বলেন, রান্নার গ্যাসের দাম ৬০ টাকা বাড়ানো হয়েছে। এরফলে হেঁসেল সামাল দিতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। তাই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এই কর্মসূচি পালন করা হয়েছে।
রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন বিকেলে শিলিগুড়ি শহরের বাঘাযতীন পার্কে জমায়েত করে দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেস কমিটি (সমতল)।
সমস্ত মহিলার পরনে ছিল কালো শাড়ি। তাঁদের গলায় সিলিন্ডারের ছবি, মাথায় হাঁড়ি ছিল। সেখান থেকে তাঁরা মিছিলের সূচনা করেন। পুরসভা, কাছারি রোড হয়ে হিলকার্ট রোডে ধরে মিছিল এগিয়ে যায়। যার নেতৃত্বে সংগঠনের দার্জিলিং জেলা সভানেত্রী (সমতল) সুস্মিতা সেনগুপ্ত, আইনজীবী সুস্মিতা বসু, পাপিয়া ঘোষ, পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার প্রমুখ ছিলেন। মহাত্মা গান্ধী মোড়ে মিছিল শেষ হয়।
একই ইস্যুতে কোচবিহার শহরের সাগরদিঘির পাড়ে মিছিল হয়। এখানে মহিলাদের হাতে ছিল হাতা ও খুন্তি। পরনে ছিল কালো শাড়ি। জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শুচিস্মিতা দেবশর্মা নাটাবাড়ির চিলাখানা, গুড়িয়াহাটি ও কোচবিহার শহরের মিছিলে অংশ নেন। এছাড়াও জেলার সমস্ত ব্লকেই এই কর্মসূচি পালিত হয়েছে। সংগঠনের সভানেত্রী বলেন, সাগরদিঘির পাশাপাশি জেলার সর্বত্র এই কর্মসূচি হয়েছে। তাতে ব্যাপক সাড়া মিলেছে।
আলিপুরদুয়ার শহরেও আছড়ে পড়ে মহিলাদের বিক্ষোভ। তৃণমূল মহিলা কংগ্রেসের আলিপুরদুয়ার টাউন ব্লকের উদ্যোগে বিকেলে শহরে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূলের জেলা পার্টি অফিসের সামনে বক্সা ফিডার রোডে থালা, হাঁড়ি, হাতা ও উনুন নিয়ে বিক্ষোভে শামিল হন মহিলারা। জ্বালানি কাঠে ব্যস্ত রাস্তার মাঝে রান্না করার ঘটনা দেখে পথচারীরা থমকে যান। এতে বক্সা ফিডার রোডে কিছুক্ষণের জন্য যানজটও হয়। সেখানে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী চন্দ্রা নার্জিনারী ও সংগঠনের আলিপুরদুয়ার টাউন ব্লক সভানেত্রী মৌসুমি বাগচি বিশ্বাস। অন্যান্য ব্লকেও এই কর্মসূচি হয়েছে। জলপাইগুড়িতেও একই কর্মসূচি হয়।