সংবাদদাতা, কাঁথি: মঙ্গলবার খেজুরির হলুদবাড়ি পঞ্চায়েতের কেশবচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে বিপুল জয় পেল তৃণমূল। ন’টি আসনের এই নির্বাচনে খাতাই খুলতে পারেনি বিজেপি। এছাড়া এগরা-১ ব্লকের বরিদা পঞ্চায়েতের খালিনা সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল।
এদিন কেশবচক সমবায়ে খেজুরি থানার পুলিসের কড়া পাহারায় নির্বাচন হয়। ফলপ্রকাশ হলে দেখা যায়, তৃণমূল সবক’টি আসনে জয়ী হয়েছে। এই জয়ের মধ্য দিয়ে তৃণমূল সমিতির ক্ষমতা পুনর্দখল করল। জয়ের পর এলাকায় বিজয় মিছিল বের করে তৃণমূল। ব্লক তৃণমূল সভাপতি সমুদ্ভব দাস, জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ দাস বলেন, এই জয় প্রত্যাশিত ছিল। বিজেপি মাথা তুলে দাঁড়াতে পারেনি। তৃণমূলের উপর মানুষের আস্থা বাড়ল। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সম্পাদক তাপস দলাই বলেন, তৃণমূল একচেটিয়াভাবে ওই সমিতিতে রয়েছে। এই পরাজয়ে দলে কোনও প্রভাব পড়বে না।
খালিনা সমবায়ে ন’টি আসনে সোমবার মনোনয়নপত্র তোলার দিন ছিল। কিন্তু তৃণমূল ছাড়া অন্য কোনও দল মনোনয়নপত্র না তোলায় তৃণমূলের জয় নিশ্চিত হয়ে যায়। নির্বাচনের আর প্রয়োজন রইল না। এই জয়ের মধ্য দিয়ে সমিতির পরিচালন ক্ষমতা ফের তৃণমূলের দখলে এল। এলাকার বিধায়ক তরুণকুমার মাইতি বলেন, এটা মা-মাটি-মানুষের জয়।