অনুভব সেনগুপ্ত, কলকাতা: ভোট মানেই গলি থেকে রাজপথ মুড়ে যায় নানা রঙের পতাকায়। কিন্তু রাজনৈতিক দলগুলি এই পতাকা আনে কোথা থেকে? কলকাতার সবথেকে বড় পতাকা মার্কেট হল বড়বাজারের পাগে পট্টি। সার সার দোকান। সব দোকানেরই মূল বিক্রির জিনিস বিভিন্ন দলের পতাকা। চার থেকে শুরু করে ৭০ টাকা পর্যন্ত বিভিন্ন মানের পতাকা পাওয়া যায় এইসব দোকানে। বড়বাজারের এই সব দোকানে ঘুরে অবাক করার মতো যে ঘটনা সামনে এলো তা হল পতাকা বিক্রির হার। রাজনীতির ময়দানে এই মুহূর্তে বাংলায় সব থেকে বেশি টক্কর তৃণমূল আর বিজেপিতে। কিন্তু পতাকা বিক্রিতে বিজেপিকে কয়েক যোজন দূরে সরিয়ে অনেক এগিয়ে তৃণমূল। এমনকি বিজেপিকে পিছনে ফেলে পতাকা বিক্রি হারে দু’নম্বরে উঠে এসেছে সিপিএম। এমনই জানালেন এক পতাকা বিক্রেতা নীরজ টাটিয়া।



