Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিরোধী দলনেতা নির্বাচনের সিদ্ধান্ত তৃণমূলের: কল্যাণ স্পিকারের সিদ্ধান্তে মিলল না স্থগিতাদেশ

তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা নির্বাচনের সিদ্ধান্তে হাইকোর্ট স্থগিতাদেশ দেয়নি। গুরুত্বপূর্ণ শুনানি ১৬ জুন। বিস্তারিত পড়ুন।

বিরোধী দলনেতা নির্বাচনের সিদ্ধান্ত তৃণমূলের: কল্যাণ  স্পিকারের সিদ্ধান্তে মিলল না স্থগিতাদেশ
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা কে হবেন, সেই সিদ্ধান্ত নেবে তৃণমূল কংগ্রেস। দলের প্রতীকে জয়ী কয়েকজন বিধায়ক সেই সিদ্ধান্ত নেবেন না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের হওয়া মামলায় এই মর্মেই সওয়াল করলেন মামলাকারী শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও বৃহস্পতিবার শুনানির পর বিরোধী দলনেতা নির্বাচন সংক্রান্ত স্পিকারের সিদ্ধান্তে কোনো স্থগিতাদেশ দেয়নি হাইকোর্ট। ১৬ জুন মামলার পরবর্তী শুনানি। 
মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত তৃণমূল পরিষদীয় নেতা শোভনদেব মামলাটি করতে চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। মামলায় যুক্ত রয়েছেন মমতা, এন্টালির বিধায়ক সন্দীপন সাহা এবং ঋতব্রত নিজেও। বৃহস্পতিবার শুনানিতে কল্যাণের সওয়াল, ঋতব্রতকে বিরোধী দলনেতা করা 
নিয়ে কোনো পাবলিক নোটিস দেওয়া হয়নি। প্রকাশ্যে কিছু জানানো হয়নি। যদিও বিচারপতি কৃষ্ণ রাওয়ের প্রশ্ন, যদি ‘নির্দল’ বিধায়কদের সংখ্যা বেশি হয় 
সেক্ষেত্রে বিরোধী দলনেতা কীভাবে বাছাই হবে? সেক্ষেত্রে রাজনৈতিক দলের ধারণা কীভাবে প্রতিষ্ঠিত হবে? তার জবাবে কল্যাণের সওয়াল, সেরকম পরিস্থিতিতে স্পিকারই ঠিক করবেন, কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই সিদ্ধান্ত তিনি নেবেন।
তাই এক্ষেত্রে ঋতব্রতকে বিরোধী দলনেতার পদ দিয়ে স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছেন, তার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার দাবি জানান কল্যাণ। যদিও আদালত এদিন কোনো স্থগিতাদেশ দেয়নি। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি। ওইদিন স্পিকারের পক্ষ থেকে বক্তব্য জানানো হবে।  

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ