Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মমতা-অভিষেকের পোস্টার বিকৃতির অভিযোগ ডোমজুড়ে বিজেপিকে নিশানা তৃণমূলের

হাওড়ার গ্রামীণ এলাকায় নির্বাচনের মুখে বিজেপির সাংগঠনিক দুরবস্থা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।

মমতা-অভিষেকের পোস্টার বিকৃতির অভিযোগ ডোমজুড়ে বিজেপিকে নিশানা তৃণমূলের
  • ২২ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার গ্রামীণ এলাকায় নির্বাচনের মুখে বিজেপির সাংগঠনিক দুরবস্থা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। মণ্ডল স্তরের বহু কর্মীকেই প্রচারে দেখা যাচ্ছে না, ফলে পদ্ম শিবিরের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলে দাবি রাজনৈতিক মহলের। তৃণমূলের অভিযোগ, জনসংযোগে সাড়া না পেয়ে বিজেপি এখন উস্কানি ছড়ানোর রাস্তায় হাঁটছে। এই আবহে ডোমজুড়ে একাধিক পোস্টার-বিতর্ক সামনে এসেছে, যা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।

Advertisement

তৃণমূলের অভিযোগ, গভীর রাতে বিজেপি কর্মীরা তাদের ব্যানার-পোস্টারের উপর হামলা চালাচ্ছে। বিভিন্ন এলাকায় দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ব্যানারের উপর বিজেপির নির্বাচনি পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়েছে। ডোমজুড়ের ২৪৪ নম্বর পার্টের চকপাড়া আনন্দনগর অঞ্চল সহ একাধিক জায়গায় এই ঘটনা ঘটেছে বলে দাবি। শুধু তাই নয়, রাতের অন্ধকারে তৃণমূলের পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা এবং দলীয় পতাকা খুলে নেওয়ার অভিযোগও উঠেছে। এই ঘটনায় নির্বাচন কমিশন ও পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ডোমজুড়ের তৃণমূল প্রার্থী তাপস মাইতি। তাঁর বক্তব্য, বিজেপি ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টি করতে চাইছে। কারণ তারা জনসমর্থন পাচ্ছে না। তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিকভাবে লড়াইয়ে প্রস্তুত। কিন্তু অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কমিশনের অধীনে থাকা পুলিশ একপাক্ষিক আচরণ করছে বলে মনে হচ্ছে। তবুও মানুষের সমর্থন আমাদের সঙ্গেই থাকবে, বিজেপি তা কেড়ে নিতে পারবে না।’
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ডোমজুড়ের বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরার দাবি, এসব তৃণমূলের সাজানো নাটক। তাঁর কথায়, ‘‹নিজেরাই পোস্টার লাগিয়ে এখন আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। আমাদের এমন কাজ করার কোনো প্রয়োজন নেই।’ পোস্টার-বিতর্ককে ঘিরে ডোমজুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়লেও, দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড়। 

সম্পর্কিত সংবাদ