Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানগোলা ও লালগোলা আসন ধরে রাখল তৃণমূল

গেরুয়া ঝড়েও ভগবানগোলা ও লালগোলা আসন ধরে রাখতে সক্ষম হল তৃণমূল। তবে নবগ্রাম আসনটি  অপ্রত্যাশিতভাবে তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি

ভগবানগোলা ও লালগোলা আসন ধরে রাখল তৃণমূল
  • ৫ মে, ২০২৬ ০৪:০০

সংবাদদাতা, লালবাগ : গেরুয়া ঝড়েও ভগবানগোলা ও লালগোলা আসন ধরে রাখতে সক্ষম হল তৃণমূল। তবে নবগ্রাম আসনটি  অপ্রত্যাশিতভাবে তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। এদিকে মুর্শিদাবাদ আসনে দ্বিতীয়বারের জন্য বিজেপি জয় পেয়েছে।

Advertisement

মুর্শিদাবাদের ২২ আসনের মধ্যে লালগোলা মহকুমার মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা ও নবগ্রাম আসনের গণনা হয় লালবাগ সুভাষ চন্দ্র বোস সেন্টেনারি কলেজে। এদিন নির্দিষ্ট সময়ের প্রায় এক ঘণ্টা পরে গণনা শুরু হয়। গণনার প্রথম রাউন্ড থেকেই মুর্শিদাবাদ আসনে বিজেপি এগিয়ে যায়। বেলা বাড়ার সঙ্গে রাউন্ড যত এগিয়েছে বিজেপির ব্যবধান বেড়েছে। এদিকে হার নিশ্চিত জেনে ফল ঘোষণার অনেক আগে দুপুরেই গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যান তৃণমূল প্রার্থী শাওনি সিংহ রায়। ২৩ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ ৩১ হাজার ৫২১ ভোটে শাওনি সিংহরায়কে পরাজিত করেন। এই খবর মাইকে ঘোষণা হতেই বিজেপি কর্মী, সমর্থকরা গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন। গৌরীশঙ্করবাবু বিকেলে গণনা কেন্দ্রের বাইরে বেরিয়ে আসতেই কর্মী, সমর্থকরা তাঁকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানান। গৌরীশঙ্করবাবু বলেন, আমাদের প্রতিশ্রুতিতে আস্থা রেখে মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। রাজ্যবাসীকে দেওয়া প্রতিশ্রুতি আগামী পাঁচ বছরে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। যদিও নিজের পরাজয় নিয়ে মুখ খুলতে চাননি শাওনি সিংহ রায়। 
ভগবানগোলা ও লালগোলা বিধানসভায় ২০২১ সালে প্রথমবারের জন্য তৃণমূল জয় পেয়েছিল। ভগবানগোলা আসনে ইদ্রিস আলি ১,০৬,০০৮ ভোটে জিতেছিলেন। এবার ভগবানগোলায় তৃণমূল জিতলেও মার্জিন অনেক কমেছে। তৃণমূলের রেয়াত হোসেন সরকার সিপিএমের মাহামুদাল হাসানকে ৫৬,৪০৭ ভোটে পরাস্ত করেন। ভগবানগোলা আসনে গণনার প্রথম রাউন্ড থেকে শেষ রাউন্ড পর্যন্ত রেয়াত সাহেব এগিয়েছিলেন। তিনি বলেন,  জিতে ভাল লাগছে। তবে সরকার গঠন করতে পারলে আরও ভাল লাগত। 
২০২১ সালে পদ্মা পাড়ের লালগোলায় স্বাধীনতার পর প্রথম ঘাসফুল ফুটেছিল। তৃণমূল প্রার্থী মহম্মদ আলি প্রায় ৬১ হাজার ভোটে জিতেছিলেন। তবে এবার শিশু চিকিৎসক আব্দুল আজিজকে প্রার্থী করে তৃণমূল। আব্দুল আজিজ ১৯ হাজারের কিছু বেশি ভোটে কংগ্রেসের তৌহিদুর রহমান সুমনকে পরাজিত করেন। আব্দুল আজিজ বলেন, এই জয়ের পর লালগোলার প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে গেল। আগামী পাঁচ বছর লালগোলাবাসীর জন্য সাধ্যমতো কাজ করব। তবে নবগ্রামে অপ্রত্যাশিতভাবে বিজেপি প্রার্থী দিলীপ সাহা জয় ছিনিয়ে নিয়েছেন। তিনি তৃণমূলের প্রণবচন্দ্র দাসকে প্রায় সাড়ে ৬ হাজার ভোটে পরাস্ত করেন।
 রেয়াত হোসেন সরকার জেতার পরে লালবাগ কলেজ থেকে বেরিয়ে আসছেন। -নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ