Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উন্নত হবে স্বাস্থ্য পরিষেবা, বাড়ি বাড়ি পাইপ লাইনে পৌঁছে যাবে রান্নার গ্যাস! মধ্যমগ্রাম, চাকদহ ও বনগাঁ উত্তরে পৃথক ইস্তাহার প্রকাশ তৃণমূলের

মধ্যমগ্রাম ও বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের জন্য পৃথক ইস্তাহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। দুটি ক্ষেত্রে স্থানীয় সমস্যা ও চাহিদার কথা মাথায় রেখে ইস্তাহার তৈরি করা হয়েছে।

উন্নত হবে স্বাস্থ্য পরিষেবা, বাড়ি বাড়ি পাইপ লাইনে পৌঁছে যাবে রান্নার গ্যাস! মধ্যমগ্রাম, চাকদহ ও বনগাঁ উত্তরে পৃথক ইস্তাহার প্রকাশ তৃণমূলের
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত, সংবাদদাতা, বনগাঁ ও সংবাদদাতা, কল্যাণী: মধ্যমগ্রাম ও বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের জন্য পৃথক ইস্তাহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। দুটি ক্ষেত্রে স্থানীয় সমস্যা ও চাহিদার কথা মাথায় রেখে ইস্তাহার তৈরি করা হয়েছে। মঙ্গলবার দুই কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী সাংবাদিক সম্মেলন করে ইস্তাহার প্রকাশ করেন।     

Advertisement

মধ্যমগ্রাম কেন্দ্রের ইস্তাহার প্রকাশ করেন প্রার্থী রথীন ঘোষ। ইস্তাহারে মধ্যমগ্রাম চৌমাথায় আন্ডারপাসে এসক্যালেটর চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। গুরুত্ব পেয়েছে জলনিকাশি ও খাল সংস্কারের মতো পুরানো সমস্যাও। নোয়াই খাল ও বাণীকণ্ঠ খাল নিয়মিত পলি কাটার পর কার্যত ভরাট হয়ে যায়। এই সমস্যার স্থায়ী সমাধানে খালের দু’পাশে বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। পুরসভার একাধিক ওয়ার্ডে জল জমার সমস্যা মেটাতে প্রায় ১২ কোটি টাকার নিকাশি প্রকল্পের আশ্বাস দেওয়া হয়েছে। রয়েছে গ্যাস পাইপলাইনের সম্প্রসারণের কথা। যশোর রোড সংলগ্ন এলাকায় ইতিমধ্যে পাইপলাইন বসানোর কাজ চলছে। যানজট কমাতে দোলতলা মোড় থেকে নিউটাউন পর্যন্ত একটি বিকল্প বাইপাস রাস্তা তৈরির পরিকল্পনা রয়েছে ইস্তাহারে। পাশাপাশি ২৮ নম্বর ওয়ার্ডের অভিযাত্রী স্পোর্টিং ক্লাবে আধুনিক বক্সিং রিং গড়ে তুলে খেলাধুলার মানোন্নয়নের উদ্যোগের কথাও উল্লেখ রয়েছে। রথীন ঘোষের বক্তব্য, ফের নির্বাচিত হলে এই প্রতিশ্রুতিগুলি দ্রুত বাস্তবায়নের দিকে এগনো হবে। আমরা শুধু প্রতিশ্রুতি দিই না, তা বাস্তবেও রূপ দিই।
বনগাঁ উত্তর বিধানসভায় ইস্তাহার প্রকাশ করেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা বনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। ইস্তাহারে ইছামতী নদী সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যা বনগাঁবাসীর দীর্ঘদিনের দাবি। বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে কার্ডিওলজি ও নিউরোলজি বিভাগ চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই ইস্তাহারে। বিধানসভা এলাকায় একটি মহিলা কলেজ, পলিটেকনিক কলেজ এবং সরকারি নার্সিং ট্রেনিং কলেজের উল্লেখ রয়েছে তৃণমূলের ইস্তাহারে।
বনগাঁ বিধানসভা এলাকার পেট্রাপোল সীমান্তে দেশের অন্যতম স্থলবন্দর। বিদ্যুৎ ব্যবস্থার সমস্যায় নানা সময় অসুবিধায় পড়তে হয় ব্যবসায়ীদের। ওই অঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি বিভিন্ন এলাকায় বিদ্যুতের সাব স্টেশন স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ইস্তাহারে বনগাঁ স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়ন করে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে পরিণত করার প্রতিশ্রুতি রয়েছে।
 এছাড়াও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হেরিটেজ ঘোষণা এবং একটি সংগ্রহশালা নির্মাণের কথা বলা হয়েছে। এ বিষয়ে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন, তৃণমূল কংগ্রেস যেটা বলে তা করে। অতীতে দশ বছর আমি বিধায়ক থাকাকালীন এলাকায় আমূল পরিবর্তন করেছিলাম। বিজেপি জেলা সভাপতি বিকাশ ঘোষ বলেন, তৃণমূল মানে মিথ্যা প্রতিশ্রুতি। 
চাকদহ বিধানসভা কেন্দ্রেও ইস্তাহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী শুভঙ্কর সিংহ (যীশু) আনুষ্ঠানিকভাবে ইস্তাহার প্রকাশ করেন। সেখানে সাত দফা প্রতিশ্রুতি তুলে ধরা হয়। সেগুলি হল—চাকদহ স্টেট জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিভাগ চালু করা, জলজমার সমস্যা দূর করতে মাস্টার প্ল্যান গ্রহণ, আধুনিক অডিটোরিয়াম নির্মাণ, নতুন রাস্তা তৈরির উদ্যোগ এবং পর্যটনের বিকাশে ইকো ট্যুরিজম পার্ক গড়ে তোলা।   নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ