Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বনগাঁয় একাধিক তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, পঞ্চায়েত অফিসেও তালা

সোমবার ভোটের ফল প্রকাশের পর থেকেই গোটা রাজ্যের সঙ্গে বনগাঁতেও বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়েছে। সোমবার বিকালে ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী, সমর্থকদের মারধর করে একদল দুষ্কৃতী।

বনগাঁয় একাধিক তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, পঞ্চায়েত অফিসেও তালা
  • ৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: সোমবার ভোটের ফল প্রকাশের পর থেকেই গোটা রাজ্যের সঙ্গে বনগাঁতেও বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়েছে। সোমবার বিকালে ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী, সমর্থকদের মারধর করে একদল দুষ্কৃতী। এই ঘটনায় দুই তৃণমূল সমর্থককে বনগাঁ হাসপাতালে ভরতি করা হয়েছে। এদিন রাতেই বনগাঁ শহরে বেশ কয়েকটি তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালান বিজেপির কর্মী, সমর্থকরা। বনগাঁ পুরসভার ১৩, ১৪, ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দলীয় কার্যালয়ে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ভেঙে দেওয়া হয় কার্যালয়ে থাকা আসবাবপত্র।

Advertisement

এদিন গভীর রাতে পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে পাইপ রোডে তৃণমূলের একটি কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। দমকলের দু’টি ইঞ্জিন দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শহরের একটি ক্লাবেও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এদিন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চিরঞ্জীব বিশ্বাসের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কৃষ্ণা রায়ের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। কৃষ্ণা রায় অভিযোগ করেন, রাত দেড়টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী মুখ বেঁধে এসে বাড়িতে ভাঙচুর চালায়। শহরের ৮ নম্বর ওয়ার্ডেও তৃণমূল সমর্থকদের বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের কর্মী সমর্থকদের উপর ও দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে।
মঙ্গলবার সকালে বাগদা ব্লকের রণঘাট পঞ্চায়েতে তালা ঝুলিয়ে গেটের সামনে দলীয় পতাকা টাঙিয়ে দেন বিজেপির সমর্থকরা। বেশ কিছুক্ষণ তালা বন্ধ থাকে পঞ্চায়েত অফিস। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে তালা খুলে দেন তাঁরা। এদিকে, এলাকায় শান্তি বজায় রাখতে সোশ্যাল মিডিয়ায় আবেদন করেছেন বনগাঁ উত্তরের জয়ী বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। শান্তি বজায় রাখার আবেদন করেছেন বনগাঁ দক্ষিণ, বাগদা ও গাইঘাটা বিধানসভা কেন্দ্রে জয়ী বিজেপির প্রার্থীরা। এবিষয়ে প্রশাসনকে আরও কঠোর হতে আবেদন করেছেন তাঁরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ