নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: একের পর এক নেতার গ্রেপ্তারির মধ্যে এবার মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদারের পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটল। অভিযোগ, বিজেপির লোকজনই ভাঙচুর করেছে। রবিবার সন্ধ্যায় মথুরাপুরে তাঁর প্রধান কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মীরা। এরপর একদল লোক পার্টি অফিসে ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ। ভিতর থেকে ত্রিপল সহ নানা সামগ্রী উদ্ধার করে রাস্তায় নিয়ে আসেন বিক্ষোভকারীরা। মিলেছে পেটি পেটি স্যানিটারি ন্যাপকিন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে গেলেও তাঁদের সামনেই চলে তাণ্ডব। পরে পুলিশ বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে তাড়া করে সরিয়ে দেয়। জানা গিয়েছে, কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের বিজেপি সদস্যরা এদিন ঘটনাস্থলে এসে বিক্ষোভে ফেটে পড়েন। কেউ বলেন, পঞ্চায়েত দখল করার পর জোর করে ভুয়ো মামলা দিয়ে তৃণমূলের নেতা-কর্মীরা আমাদের এলাকা ছাড়তে বাধ্য করেছিল। জোর করে পঞ্চায়েত দখল করেছিল ওরা। সেই সব ক্ষোভের বহিঃপ্রকাশ হয় এদিন। কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতের সদস্যা ঝুনুরানি সর্দার বলেন, আমরা এবার নিজেদের পঞ্চায়েত গঠন করব। আমাদের যেভাবে জোর করে সরিয়ে দেওয়া হয়েছিল, সেটা আর হবে না।



