Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দলেরই প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের, নাগরিকদের বিক্ষোভ

হুগলির জেলা সদর চুঁচুড়ার কোদালিয়া-২ গ্রাম পঞ্চায়েতের অনাস্থা সভাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়াল

দলেরই প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের, নাগরিকদের বিক্ষোভ
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলির জেলা সদর চুঁচুড়ার কোদালিয়া-২ গ্রাম পঞ্চায়েতের অনাস্থা সভাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়াল। পরিস্থিতি সামাল দিতে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়। তবে শেষপর্যন্ত প্রধান অপসারণ সভা ভেস্তে যাওয়া ছাড়া অন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নাগরিকরা অনাস্থা সভার প্রতিবাদ করে পঞ্চায়েত ঘেরাও করে রেখেছিলেন। যদিও জেলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের হঠাৎ প্রধান অপসারণ সভা ভেস্তে দেওয়ার ইচ্ছে কেন হল? তার জবাব মেলেনি। বিশেষত এদিন অবরোধকারীরা সংবাদমাধ্যমের সামনে সেভাবে মুখ খুলতে চাননি। 

Advertisement

যদিও ওয়াকিবহাল মহলের একাংশ বলছে, এদিনের ঘটনার পিছনে বিজেপির দলীয় কোন্দল আছে। বিজেপিরই একাংশ ‘ভালো’ তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা আনার পরিকল্পনা করেছিল। কিন্তু অন্য অংশ বাকি তৃণমূলের সঙ্গে যোগসাজস করে সভা ভেস্তে দিয়েছে। যদিও বিজেপি নেতৃত্ব ওই অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু মজা অন্যত্র। আইন বলছে, একবার অনাস্থা আনা হলে তলবি সভা করতেই হবে। অথবা প্রধানকে আস্থা সভা করে নিজের পদ ধরে রাখতে হবে। অর্থাৎ এদিনের সভা ভেস্তে গেলেও আস্থা বা অনাস্থার জন্য একটি সভা না করলে পঞ্চায়েতের বোর্ডের বৈধতা নিয়ে আইনি প্রশ্ন উঠে যাবে। বিজেপি’র স্থানীয় মণ্ডল সভাপতি রাজা দাস বলেন, আস্থা-অনাস্থার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যতটুকু শুনেছি, নাগরিকদের একাংশ পঞ্চায়েতের বোর্ডে অস্থিরতা চাইছিলেন না। তাঁরাই অবরোধ করেছিলেন। ওখানে তৃণমূলীরা নিজেদের বোর্ডের বিরুদ্ধে আনাস্থা এনেছিল। তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের কালীঘাটপন্থী অংশের জেলা সভাপতি তথা চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার বলেন, আমি অনাস্থার বিষয়ে কিছু জানি না। দলীয়স্তরে খোঁজ নেব। এদিন পঞ্চায়েত প্রধান বেলা মাঝি কোনো মন্তব্য করতে চাননি। তৃণমূলের যাঁরা বেলাদেবীর বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন, দিনের শেষে তাঁরাও মন্তব্য এড়িয়েছেন। প্রসঙ্গত, আজ বুধবার ওই পঞ্চায়েতেই উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা সভা ডাকা হয়েছে।    নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ