


সংবাদদাতা, কাটোয়া: বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ীদের হেনস্তা করা হচ্ছে। ওড়িশায় গিয়ে কেতুগ্রামের বহু পরিযায়ী অত্যাচারের শিকার হয়েছেন। বাংলা ভাষায় কথা বলায় তাঁদের বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার করা হয়। তার প্রতিবাদে গর্জে উঠলেন বাংলার মহিলারা। শনিবার ভাষা দিবসে মাতৃভাষার অপমানের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিলে পা মেলালেন পাণ্ডুগ্রামের শতাধিক মহিলা।
কেউ লক্ষ্মীর ভাঁড় হাতে আবার কেউ বাংলা ভাষা বাঁচাও প্ল্যাকার্ড হাতে এসেছিলেন। তাঁদের একটাই দাবি, নিজের মাতৃভাষা রক্ষা করতেই হবে। বিধায়ক শেখ শাহনওয়াজ বলেন, কেতুগ্রামের চর সুজাপুর গ্রামের বহু ছেলে ওড়িশায় গিয়ে আটকে পড়েছিলেন। তাঁদের বাংলা ভাষার জন্য হেনস্তার শিকার হতে হয়েছিল। তাই মহিলারা স্বতঃস্ফূর্তভাবেই মিছিলে পা মেলান।
কেতুগ্রাম-১ ব্লকের পাণ্ডুগ্রাম অঞ্চলে শাসকদল বরাবরই লিড পায়। গ্রামের মহিলারা বলছেন, ভাষা দিবস মানে জানি মাতৃভাষার জন্য লড়াই। বাংলাদেশের ভাষা আন্দোলনের দীর্ঘ বছর পরেও এখন নিজেদের দেশে ভাষার জন্য লড়াই করতে হচ্ছে। কারণ গ্রামের ছেলেরা অন্য ভাষা জানে না। ভিন রাজ্যে কাজে গিয়ে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলায় কেন মার খেতে হবে। এর জবাব আমরা দেব।