Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কাউন্সিলার ঘনিষ্ঠ তৃণমূল নেতা অস্ত্র সহ ধৃত, চাঞ্চল্য

খুনের চেষ্টা, আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো সহ একাধিক অভিযোগে পূর্ব যাদবপুর থানা এলাকায় কাউন্সিলার ঘনিষ্ঠ তৃণমূল নেতা সুমন মণ্ডলকে গ্রেপ্তার করল পুলিশ।

কাউন্সিলার ঘনিষ্ঠ তৃণমূল নেতা অস্ত্র সহ ধৃত, চাঞ্চল্য
  • ১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খুনের চেষ্টা, আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো সহ একাধিক অভিযোগে পূর্ব যাদবপুর থানা এলাকায় কাউন্সিলার ঘনিষ্ঠ তৃণমূল নেতা সুমন মণ্ডলকে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান। ভয় দেখানোর জন্য তিনি এই আগ্নেয়াস্ত্র কিনেছিলেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি তিনি অস্ত্র ব্যবসায়ে জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

তৃণমূল জমানায় পূর্ব যাদবপুর থানা এলাকায় রাজু বিশ্বাসের দাপট ছিল তুঙ্গে। এই রাজু কাউন্সিলারের ঘনিষ্ঠ হওয়ায় এলাকায় তোলাবাজি থেকে সিন্ডিকেট– সবটাই নিয়ন্ত্রণ করতেন। কেউ নতুন ফ্ল্যাট বা বাড়ি কিনলে তাঁর অনুমতি ছাড়া কিছু করা ছিল দুঃসাধ্য। তাঁর ডান হাত ছিলেন সুমন। তিনিও কাউন্সিলারের কাছের লোক বলে পরিচিত ছিলেন। রাজুর নির্দেশমতো এই তৃণমূল নেতা বিভিন্ন লোকজনকে ভয় দেখাতেন বলে অভিযোগ। এলাকায় জমি দখল থেকে জলা ভরাট, সবটাই চলত রাজু ও সুমনের তদারকিতে।
পূর্ব  যাদবপুর থানা এলাকায় তৃণমূলের ভোট ম্যানেজারও ছিলেন এই দু’জন। নির্বাচনের সময় হিস্ট্রি শিটার হিসাবে তাঁদের নামও ছিল। কিন্তু এলাকাছাড়া থাকায় তাঁদের ধরা যায়নি। ভোটের ফল বেরোনোর পর রাজু ও সুমনের বিরুদ্ধে নরেন্দ্রপুর ও পুর্ব যাদবপুর এলাকায় খুনের চেষ্টা ,অস্ত্র দিয়ে ভয় দেখানোর অভিযোগ ওঠে। তারপর থেকেই দুজন বেপাত্তা ছিলেন। শুক্রবার রাজুকে নরেন্দ্রপুর থানা গ্রেপ্তার করে। এরপর তার সহযোগী সুমনকে শনিবার রাতে ধরা হয়। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ