Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতাকে মারধর, পরে গ্রেপ্তার করল পুলিশ

ধনেখালি থানার অন্তর্গত শিবাইচণ্ডী সবজি বাজারে তোলাবাজির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল তৃণমূল নেতা মানিক পাত্রকে।

তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতাকে মারধর, পরে গ্রেপ্তার করল পুলিশ
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: ধনেখালি থানার অন্তর্গত শিবাইচণ্ডী সবজি বাজারে তোলাবাজির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল তৃণমূল নেতা মানিক পাত্রকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধনেখালির বিধায়ক অসীমা পাত্রর আত্মীয় মানিক দীর্ঘদিন ধরেই শিবাইচণ্ডী বাজার এলাকায় ফসল বিক্রি করতে আসা চাষি ও ব্যবসায়ীদের থেকে জোর করে টাকা আদায় করে। কেউ টাকা দিতে না চাইলে চলে জোরজুলুম, অত্যাচার। শুধু তাই নয়, বন্দুক বের করে হুমকিও দেয় সে। বৃহস্পতিবার চাষিরা টাকা দিতে না চাইলে শুরু হয় গণ্ডগোল। এরপরেই ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় মানুষজন ও বিজেপির নেতা-কর্মীরা। তখন অভিযুক্ত তৃণমূল নেতাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তাঁরা। এক মহিলা এগিয়ে গিয়ে সপাটে চড়ও মারেন। খবর পেয়ে চলে আসে পুলিশ। তাঁরা অভিযুক্ত মানিক পাত্রকে ধরে নিয়ে যান। ধনেখালি থানায় যান সপ্তগ্রাম ও পাণ্ডুয়ার বিজেপি বিধায়ক স্বরাজ মুখোপাধ্যায় ও তুষার মজুমদার। তুষারবাবু বলেন, অভিযুক্ত দীর্ঘদিন ধরেই চাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায় করত। ডালা কিংবা ফুটপাতে বসা দোকানিদের থেকেও তোলা নিত তারা। এর পিছনে বড়ো মাথা আছে।‌ আগামী দিনে তারাও ধরা পড়বে। ধনেখালি সন্ত্রাস মুক্ত হবে। হুগলি জেলা গ্রামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মানিক পাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জোর করে টাকা আদায়, বন্দুক দিয়ে ভয় দেখানোর অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ