Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মারধর, হুমকির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা সহ ২

গত পুরসভা নির্বাচনের দিন এক বিজেপি কর্মীকে মারধর করা সহ একাধিক অভিযোগে মঙ্গলবার রাতে উত্তম ধারা নামে এক তৃণমূল নেতা ও তাঁর সহযোগী লাল্টু ধারাকে গ্রেপ্তার করল উলুবেড়িয়া থানার পুলিশ।

মারধর, হুমকির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা সহ ২
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: গত পুরসভা নির্বাচনের দিন এক বিজেপি কর্মীকে মারধর করা সহ একাধিক অভিযোগে মঙ্গলবার রাতে উত্তম ধারা নামে এক তৃণমূল নেতা ও তাঁর সহযোগী লাল্টু ধারাকে গ্রেপ্তার করল উলুবেড়িয়া থানার পুলিশ। ধৃত তৃণমূল নেতা উলুবেড়িয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার। ধৃতদের বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাঁদের দুই দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

Advertisement

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এলাকায় দাদাগিরির অভিযোগ উঠছিল উলুবেড়িয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলার পম্পা ধারার স্বামী উত্তম ধারার বিরুদ্ধে। ২০২২ সালে পুরসভা নির্বাচনের দিন উত্তম ধারা ও লাল্টু ধারার বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগও উঠেছিল। অভিযোগ, তখন ঘটনার প্রতিবাদ করায় বিজেপি প্রার্থীর নির্বাচনি এজেন্ট কিষান বাগকে মারধর করেন এই দু’জন। পাশাপাশি তাঁকে প্রাণনাশের হুমকিও দেন তাঁরা। তখন পুলিশে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি দু’জনের বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় ফের লিখিত অভিযোগ দায়ের হয়। এরপরেই মঙ্গলবার রাতে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই প্রসঙ্গে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক রমেশ সাঁধুখা বলেন, তৃণমূলের সব নেতাই নানা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত। এতদিন সাধারণ মানুষ ভয়ে মুখ খুলত না। রাজ্যে পালাবদলের পর মানুষ সাহস করে এইসব তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাচ্ছে। দোষী তৃণমূল নেতাদের শাস্তির দাবি করেন তিনি। যদিও এদিন আদালতে যাওয়ার পথে উত্তম ধারা নিজেকে নির্দোষ বলে দাবি করেন। তাঁর দাবি, তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার। এর আগে দুর্নীতি সহ একাধিক অভিযোগে উলুবেড়িয়ার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নির্মল যাদবকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ