Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জল জীবন মিশনে টাকা বন্ধ করেছে কেন্দ্র, পাঁচ বছরে সবার বাড়িতে পানীয় জল পৌঁছে দেবে তৃণমূল সরকার: অভিষেক

শিল্পাঞ্চল নিয়ে নিবিড় তথ্য সংগ্রহ করেই ২০২৬-এর প্রথম নির্বাচনি সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জল জীবন মিশনে টাকা বন্ধ করেছে কেন্দ্র, পাঁচ বছরে সবার বাড়িতে পানীয় জল পৌঁছে দেবে তৃণমূল সরকার: অভিষেক
  • ৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাবনি: শিল্পাঞ্চল নিয়ে নিবিড় তথ্য সংগ্রহ করেই ২০২৬-এর প্রথম নির্বাচনি সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিল্পাঞ্চলজুড়ে পানীয় জলের সংকট থেকে বারাবনিতে সিলিকোসিস সমস্যা, প্রতিটি বিষয় যে তাঁর নজরে রয়েছে, শনিবার গৌরাণ্ডির সভায় তিনি স্পষ্ট করে দিলেন। পানীয় জলের সংকট নিয়ে তিনি বলেন, ‘এখানে পানীয় জলের সমস্যা আছে আমি জানি। কেন্দ্রের বিজেপি সরকার জল জীবন মিশনের টাকা বন্ধ করে দিয়েছে। আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী পাঁচ বছরে তৃণমূল সরকার প্রতিটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেবে।’ অভিষেকের এই প্রতিশ্রুতির পর করতালিতে ফেটে পড়ে সভাস্থল।

Advertisement

এদিন অভিষেক বারাবনির তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে সভা করেন। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী প্রদীপ মজুমদার, মলয় ঘটক, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। প্রচণ্ড গরম উপেক্ষা করেই সভাস্থল কানায় কানায় পূর্ণ ছিল। কর্মীদের উৎসাহে খুশি অভিষেক হাসিমুখে বলতে থাকেন, তৃণমূল সরকার তাঁদের জন্য কী করেছে। তিনি বলেন, ‘আসানসোল জেলা হাসপাতালে এখন ক্যানসারের চিকিৎসা হচ্ছে। শিশুদের পায়ের পাতার জন্মগত ত্রুটিও সারানো হচ্ছে। আগে যেখানে আসানসোলে ২০০ শয্যার হাসপাতাল ছিল, এখন ৬৫০ বেডের সুপার স্পেশালিটি হাসপাতালে হয়েছে।’ উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, ‘বারাবনি ব্লকেরই ৬১ হাজার ১০৮ জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। ১৪ হাজার ৮৬০জন পাচ্ছেন কৃষকবন্ধুর টাকা। ১৭ হাজারের বেশি যুবক-যুবতী যুবসাথীর টাকা পেয়েছেন।’ এছাড়া রাস্তাঘাট, জলপ্রকল্প, আ‌ইসিডিএস কেন্দ্রে কী উন্নয়ন হয়েছে, তার খতিয়ান তুলে ধরেন। তাঁর আশ্বাস, ‘আগামী পাঁচ বছরে যোগ্যরা প্রত্যেকে পাকা বাড়ি পাবেন।’ এদিন তিনি আরও বলেন, ‘আট-দশ হাজার শ্রমিক পাথর খাদান, ক্র্যাশারে কাজ করেন। তাঁদের অনেকেরই সিলিকোসিস হওয়ার সম্ভাবনা থাকে। সিলিকোসিস থাকা শ্রমিকদের পরিচয়পত্র দেওয়া হবে। তাঁরা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, যাতায়াতের খরচ পাবেন। আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়, তা রাজ্য সরকার অগ্রাধিকার দিয়ে দেখবে। আমি এখানে কথা দিয়ে গেলাম।’ এদিন সভামঞ্চে প্রার্থী ও জেলার শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে দেখা যায় অভিষেককে। তিনি ছাড়াও বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় কথা দেন, জেতার পরই পানীয় জলের সংকট মেটানো হবে। তার কাজও চলছে। এলাকায় জলের পাইপ বিছানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ