Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডিএ প্রাপ্তি উদযাপনের প্রস্তুতি তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া মহার্ঘ ভাতা ঘোষণার পরেই উচ্ছ্বাস রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক-শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মীর মধ্যে

ডিএ প্রাপ্তি উদযাপনের প্রস্তুতি তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মালদহ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া মহার্ঘ ভাতা ঘোষণার পরেই উচ্ছ্বাস রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক-শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মীর মধ্যে। তবে, বিষয়টিকে কটাক্ষ করেছে বিজেপি এবং বামফ্রন্ট প্রভাবিত সরকারি কর্মচারী এবং শিক্ষক সংগঠনগুলি।

Advertisement

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই আজ, সোমবার রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে মিষ্টিমুখ করানোর প্রস্তুতি নিতে শুরু করেছে তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা নেতৃত্ব।
ফেডারেশনের জেলা সভাপতি চিরঞ্জীব মিশ্র বলেন,আমরা সব সময়ই বলে আসছি মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা এবং পঞ্চায়েত ও পুরসভার কর্মীদের স্বার্থ রক্ষা করতে উৎসাহী। কিন্তু তাঁর সদিচ্ছা থাকলেও রাজ্যের প্রতি কেন্দ্রের আর্থিক বঞ্চনার কারণে মহার্ঘ ভাতার বকেয়া প্রদান রাজ্য সরকারের পক্ষে বড় চ্যালেঞ্জ। 
সীমিত আর্থিক পরিসরের মধ্যে মুখ্যমন্ত্রী মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়ে সংগঠনের বিভিন্ন দপ্তরে মিষ্টিমুখ করানোর পাশাপাশি কর্মচারীদের মুখ্যমন্ত্রী স্বপ্নের বাংলা গড়তে পাশে থাকার অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন চিরঞ্জীব।
জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি আশীষ মণ্ডলও মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বলেন, আমরা সকলেই মুখ্যমন্ত্রীর পাশে রয়েছি।
অন্যদিকে, সিপিএম প্রভাবিত নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক অরুণ প্রসাদ বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার এই সিদ্ধান্ত স্বতঃস্ফূর্ত নয়। সুপ্রিম কোর্টের নির্দেশে শেষপর্যন্ত মহার্ঘ ভাতা দিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, পঞ্চায়েত এবং পুরসভার কর্মীদের আপোষহীন আন্দোলন এবং আইনি লড়াইয়ের ফসল এই ভাতা। যৌথভাবে শ্রমিক কর্মচারী, শিক্ষক বিরোধী রাজ্য সরকারের বিরোধিতা করব।

সম্পর্কিত সংবাদ