নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদত্যাগ করার পরে রাজনৈতিক ডামাডোল শুরু হয়েছে। সংখ্যাগরিষ্ঠতার দাবিতে নতুন করে বোর্ড গড়তে চাইছে তৃণমূল কংগ্রেসের একাংশ। অন্যদিকে, দলের অপর অংশ প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় থাকতে চাইছে। বাস্তবে বিজেপি কী ভূমিকা নেয়, সেদিকে নজর রাখতে চাইছে তারা। ওই অংশের দাবি, কোনো আলোচনা ছাড়াই প্রশাসক বসানো হলে পরবর্তী নির্বাচনে মানুষের কাছে বলা যাবে যে, বোর্ড জোর করে দখল করা হয়েছে। যদিও তৃণমূলের অন্য অংশের দাবি, সে অজুহাত ধোপে টিকবে না। উলটে বোর্ড চালিয়ে মানুষকে সঠিক পরিষেবা দিলে ‘পালিয়ে’ যাওয়ার অভিযোগ শুনতে হবে না।
তাৎপর্যপূর্ণভাবে, প্রশাসন কী পদক্ষেপ করবে তা এখনো স্পষ্ট নয়। কিন্তু বিজেপি নেতৃত্ব খুব পরিষ্কার করে বলছেন, তৃণমূল আর বোর্ড চালাতে পারবে না। সেই কারণেই পুরপ্রধান ও উপপ্রধান পালিয়ে গিয়েছেন। এরপরেই তাঁদের হাতে জোর করে পুরসভা চালানোর ভার দিলে তা হবে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। নতুন করে বোর্ড গঠন প্রসঙ্গে তৃণমূলের নতুন জেলা সভাপতি তথা চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের মত খুবই উল্লেখযোগ্য। তিনি বলেন, দুই শীর্ষকর্তা পদত্যাগ করেছেন। আমরা নজর রাখছি প্রশাসন কী পদক্ষেপ করে। তারপরেই পরবর্তী পরিকল্পনা তৈরি করা হবে।
দলেরই অন্য এক নেতা বলেন, আমাদের বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগ তোলা হচ্ছে। অথচ তা সত্যি নয়, প্রমাণ করার সুযোগ আছে। পুরসভায় আমরা এখনো সংখ্যাগরিষ্ঠ। কিন্তু দলের নেতাদের ভাবভঙ্গিটাই বোঝা যাচ্ছে না। ফলে, কর্মীদের সিদ্ধান্তহীনতায় ভুগতে হচ্ছে।
বিজেপির জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, ভালো পরিষেবা দিতে ওঁরা নিজেরাই কয়েকমাসে আছে চেয়ারম্যান বদল করলেন। তারপরে এবার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পালিয়ে গেলেন! আমরা তাহলে ওই দলকে আবার চেয়ারম্যান গড়ার সুযোগ দিলেও কি তাঁরা বোর্ড চালাতে পারবেন? বস্তুত মানুষের বিশ্বাস ওঁদের উপর থেকে উঠে গিয়েছে। সেটাই মূল সমস্যা। তবুও বলব, বিষয়টি প্রশাসনিক। সেখানে আমরা নাক গলাব না।
হুগলিতে বিধানসভা নির্বাচনে পালাবদলের পর থেকেই পুরসভার ক্ষেত্রে পদত্যাগের ধারবাহিকতা চলছে। সদ্য জেলা সদরের পুরসভা চুঁচুড়ার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তাঁদের সঙ্গে আরো দুই কাউন্সিলার পদত্যাগ করেছেন। তারপরেও পুরসভায় তৃণমূলের গরিষ্ঠতা আছে। আর সেখানেই নতুন বোর্ড গড়া নিয়ে দলের অন্দরের ডামাডোল শুরু হয়েছে।