নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম বিধানসভার চারটি আসনে জেতা নিয়ে তৃণমূল নেতারা একশো শতাংশ নিশ্চিত। ফল প্রকাশের পর জেলাজুড়ে বাজবে রবীন্দ্র সংগীত ও ডিজে। তার প্রস্তুতি তুঙ্গে। ওদিকে, ঝালমুড়ি ও লাড্ডু বিতরণের প্রস্তুতি চলছে গেরুয়া শিবিরে। ঝাড়গ্রাম জেলার আদিবাসী ও জনজাতি সম্প্রদায়ের মানুষরা প্রখর তাপ উপেক্ষা করে ভোট দিয়েছেন। জেলায় ৯২ শতাংশ ভোট পড়েছে। তৃণমূল চারটে আসনেই জয় পাবে, না বিজেপি খাতা খুলবে, তা নিয়ে জেলাজুড়ে জোর চর্চা। তৃণমূল ও বিজেপি দু’ পক্ষেরই দাবি, তারাই জিতবে চারটি আসনে। জোড়াফুল শিবির এবার ভোট পরবর্তী সমীক্ষাকে গুরুত্বই দিচ্ছে না। জেলার রাজনৈতিক মহলের মত, অন্নপূর্ণা যোজনার প্রচার মহিলাদের মনে কোনো দাগ কাটতে পারেনি। ধর্মীয় বিভাজন ও অনুপ্রবেশের মতো বিষয় আদিবাসী অধ্যুষিত জেলায় কাজই করেনি। কুড়মি সমাজের বড় একটা অংশের মানুষ এবারও তৃণমূল ওপরেই আস্থা রেখেছেন। জেলার তৃণমূল নেতাদের দাবি, মার্জিন কমলেও ৪টি আসনেই তাঁরা জিতবেন। উন্নয়নের পাঁচালির প্রচারে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবসাথীর মতো জনমুখী প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে এসে উন্নয়নের কথা তুলে ধরেছেন। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বিনপুর, লালগড়, সাঁকরাইলে এসে সভা করেছেন। তৃণমূলের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে ধরেছেন। ফল প্রকাশের পর রবীন্দ্র সংগীতের সঙ্গে ডিজে বাজানোর নিদানও দিয়েছেন। ভোট মিটতেই ডিজের অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। চলছে চূড়ান্ত প্রস্তুতি।



