সংবাদদাতা, বনগাঁ: অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন শুধু তাই নয়। এদেশে এসে ভারতীয়দেরই বাবা-মা সাজিয়ে ভোটার, আধার কার্ড সহ একাধিক নথিও তৈরি করে ফেলেছিলেন। আর এই কাজে বাংলাদেশিদের সহযোগিতা করার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে। এনিয়ে তাঁর বিরুদ্ধে বাগদা থানায় অভিযোগও দায়ের করেছেন স্থানীয় এক বিজেপি কর্মী। যদিও পঞ্চায়েত প্রধানের স্বামী অভিযোগ অস্বীকার করেছেন। বিজেপি নেতৃত্বের দাবি, বাগদা ব্লকের রণঘাট গ্রাম পঞ্চায়েতের একাধিক বাসিন্দা বাংলাদেশ থেকে এদেশে এসে ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা প্রাক্তন উপপ্রধান সম্রাট মণ্ডল বাংলাদেশিদের অবৈধভাবে ভোটার কার্ড ও পাসপোর্ট বানিয়ে অন্য দেশেও কাজে পাঠিয়েছেন। এবিষয়ে বাগদা ১ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি দিবাকর তরফদার বলেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসে ভোটার কার্ড ও পাসপোর্ট বানিয়ে দেশের বাইরে ও ভিতরেও কাজ করছেন অনেকেই। এই কাজে তাঁদের সাহায্য করেছেন তৃণমূল প্রধানের স্বামী। অভিযোগ অস্বীকার করে প্রধানের স্বামী সম্রাট মণ্ডল বলেন, পুলিশ তদন্ত করলে সহযোগিতা করব।



