সন্দীপ বর্মন, মাথাভাঙা: আজ, বুধবার খলিসামারিতে মনীষী পঞ্চানন বর্মার জন্মভিটেয় এসে পুজো দেবেন কোচবিহার ও জলপাইগুড়ির জেলা তৃণমূল কংগ্রেসের চার প্রার্থী। সেখানে মনীষীর আরাধ্য দেবী শক্তিসঞ্চারিণীর পুজো করবেন। থাকবেন মনীষীর বংশধররাও।
সন্দীপ বর্মন, মাথাভাঙা: আজ, বুধবার খলিসামারিতে মনীষী পঞ্চানন বর্মার জন্মভিটেয় এসে পুজো দেবেন কোচবিহার ও জলপাইগুড়ির জেলা তৃণমূল কংগ্রেসের চার প্রার্থী। সেখানে মনীষীর আরাধ্য দেবী শক্তিসঞ্চারিণীর পুজো করবেন। থাকবেন মনীষীর বংশধররাও।
তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন গত কয়েক বছর ধরে মনীষীর জন্মভিটেয় শক্তিসঞ্চারিণী দেবীর পুজো করে আসছেন। গিরীন্দ্রনাথবাবু জানিয়েছেন, মনীষীর আরাধ্য দেবী শক্তিসঞ্চারিণীর পুজো সহ মনীষীর পিতা খোসালচন্দ্র সরকারের প্রতিষ্ঠিত শিবলিঙ্গেও পুজো দেবেন প্রার্থীরা। মানব জাতির মঙ্গল কামনায় আমি প্রতিবছর পুজো করছি। আমাদের দুই জেলার কয়েকজন প্রার্থী বুধবার খলিসামারির পুণ্যভূমিতে পুজো দেবেন।
প্রসঙ্গত, ভোট এলেই খলিসামারিতে মনীষীর জন্মভিটেয় ছুটে আসেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা। পঞ্চানন বর্মার বংশধরদের সঙ্গে কথা বলা সহ নানান প্রতিশ্রুতিও দেওয়া হয়। বিগত নির্বাচনগুলিতে একাধিক বিজেপি নেতা সহ প্রার্থীরা এসে প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত কোনো কাজই হয়নি। ফলে এনিয়ে ক্ষোভ রয়েছে পঞ্চানন বর্মার অনুগামীদের মধ্যে। অপরদিকে, রাজ্য সরকার খলিসামারিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস গড়ে তুলেছে। সেখানে এখন চলছে পঠনপাঠন। এলাকার সামগ্রিক উন্নয়নও হয়েছে।
মঙ্গলবার গিরীন্দ্রনাথ বর্মন বলেন, আমাদের কোচবিহার দক্ষিণ কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক, মাথাভাঙার প্রার্থী সাবলু বর্মন, শীতলকুচির প্রার্থী হরিহর দাস, জলপাইগুড়ির প্রার্থী কৃষ্ণ দাস খলিসামারিতে আসবেন। আমরা সকলে মিলে পঞ্চানন বর্মার পিতা খোসালচন্দ্র সরকারের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ ও মনীষী পঞ্চানন বর্মার আরাধ্য দেবী শক্তিসঞ্চারিণীর পুজো করব। পঞ্চানন বর্মা বড় কোনো কাজ করতে যাওয়ার আগে শক্তিসঞ্চারিণী দেবীর পুজো করতেন। আমরাও শপথ নিয়েছি, রাজ্যের মঙ্গলের জন্য অশুভ শক্তিকে পরাজিত করার। একারণে পুণ্যভূমি খলিসামারিতে পুজোর আয়োজন করা হয়েছে।