Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়ায় সৌজন্য, আলিঙ্গন তৃণমূল ও সিপিএম প্রার্থীর

ইদ উপলক্ষ্যে বাঁকুড়ায় ভোটপ্রচারে সৌজন্যের নজির চোখে পড়েছে। ভোট প্রচারের সময় সাধারণত যুযুধান দলের প্রার্থীদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। তবে এদিন তা হয়নি।

বাঁকুড়ায় সৌজন্য, আলিঙ্গন তৃণমূল ও সিপিএম প্রার্থীর
  • ২২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া ও আরামবাগ: ইদ উপলক্ষ্যে বাঁকুড়ায় ভোটপ্রচারে সৌজন্যের নজির চোখে পড়েছে। ভোট প্রচারের সময় সাধারণত যুযুধান দলের প্রার্থীদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। তবে এদিন তা হয়নি। শনিবার বাঁকুড়া শহরের মাচানতলার মসজিদের সামনে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অনুপ মণ্ডল ও সিপিএম প্রার্থী অভয়ানন্দ মুখোপাধ্যায় সামনাসামনি পড়ে যান। দেখা হতেই তৃণমূল প্রার্থী সিপিএম প্রার্থীকে জড়িয়ে ধরেন। তাঁরা সৌজন্য বিনিময় করেন। দু’জনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তাও হয়। সেখানে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীও উপস্থিত ছিলেন। তৃণমূল ও সিপিএম প্রার্থীর ‘নৈকট্য’কে বিজেপি কটাক্ষ করেছে। 

Advertisement

অনুপবাবু বলেন, উৎসবে একে অপরকে শুভেচ্ছা জানানো আমাদের ঐতিহ্যের মধ্যে পড়ে। ফলে সিপিএম প্রার্থীকে সামনে পেয়ে সৌজন্য বিনিময় করেছি। উনিও আমার সঙ্গে হাসিমুখে কথা বলেছেন। অভয়বাবু বলেন, তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াই থাকবে। তবে প্রার্থীকে ইদের দিন সামনে পেয়ে শুভেচ্ছা জানিয়েছি। বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা হলেও আমি তাঁকে আলিঙ্গন করতাম। বাঁকুড়ার বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানা বলেন, সিপিএম ও তৃণমূল আলাদা লড়াই করলেও ওদের গোপন আঁতাত রয়েছে। এবার দুই প্রার্থী প্রকাশ্যে কোলাকুলি করল। আসলে সিপিএম বিজেপি-র ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দিতে চাইছে। তবে তা এবার হবে না।  
অরূপবাবু বলেন, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সকলেই অংশ নেন। সারাবছর বাঁকুড়ায় এই সৌজন্য বজায় থাকে। দলীয়ভাবেও আমরা সব ধর্মের অনুষ্ঠানে উৎসবের মেজাজে শামিল হই। নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলির মধ্যে রেষারেষি চলে। তবে তারমধ্যেও ব্যক্তিগত পর্যায়ে সৌজন্য বজায় রাখা উচিত। অভয়বাবুর সঙ্গে আমাদের চিকিৎসক প্রার্থীর দীর্ঘদিনের পরিচয় রয়েছে। বিজেপি বাংলার কৃষ্টি, সংস্কৃতি জানে না। ফলে ওই দলের প্রার্থী সৌজন্য বিনিময়ের বিষয়টি বুঝতে পারবেন না।
প্রার্থী ঘোষণার পর শনিবার প্রথম ছুটির দিন হওয়ায় সবদলই প্রচারে ঝাঁজ বাড়িয়েছে। দিনভর বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হয়। বিকালে শহরে বৃষ্টি নামে। ফলে প্রচারে কিছুটা বিঘ্ন ঘটে। এদিন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অনুপবাবু বাঁকুড়া-১ ব্লকের পাতালখুরি, নন্দীগ্রাম এলাকায় প্রচার করেন। অভয়বাবু এদিন সকালে বাঁকুড়া শহরের কেঠারডাঙা ও ইদগাহ মহল্লায় প্রচার সারেন। বিকালে তিনি বাঁকুড়া বিধানসভার গ্রামীণ এলাকার কেঞ্জাকুড়া ও বাদুল্লারায় বাড়ি বাড়ি প্রচার করেন। নীলাদ্রিবাবু এদিন মানকানালি, মগরা এলাকায় প্রচার সারেন। ওন্দার তৃণমূল প্রার্থী সুব্রত দত্ত এদিন লোদনা অঞ্চলে শিবমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। তিনি ওই এলাকার দেবগ্রাম, মানখামার, বিক্রমপুর, অঙ্গদপুর এলাকায় প্রচারে যান। ওই বিধানসভার বিজেপি প্রার্থী অমরনাথ শাখা এদিন সকালে রতনপুরের অম্বিকা মন্দিরে পুজো দিয়ে ওই এলাকায় প্রচার শুরু করেন। বড়জোড়ার সিপিএম প্রার্থী সুজিত চক্রবর্তী গোবিন্দধাম অঞ্চলের বিহারজুড়িয়া এলাকায় প্রচার করেন।      
আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ ও সিপিএম প্রার্থী বীথিকা পণ্ডিত এদিন ইদগাহ ময়দানে ইদের শুভেচ্ছা বিনিময় করতে যান। গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাজি এদিন ইদের শুভেচ্ছা জানাতে বিভিন্ন জায়গায় যান। এছাড়াও খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায়, পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারিও ইদের শুভেচ্ছা বিনিময় করেন। দলের নেতাকর্মীরাও ছিলেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ