Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সন্দেশখালিতে অভিষেকের জনসভায় ৫০ হাজার কর্মী জমায়েতের লক্ষ্য তৃণমূলের

আগামী রবিবার সন্দেশখালির সরবেড়িয়ায় সভা করতে আসছেন অভিষেক। তার আগে নেতৃত্বদের প্রস্তুতি তুঙ্গে। জোরকদমে শুরু হয়ে গিয়েছে মাঠ তৈরির কাজ

সন্দেশখালিতে অভিষেকের জনসভায় ৫০ হাজার কর্মী জমায়েতের লক্ষ্য তৃণমূলের
  • ২৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আগামী রবিবার সন্দেশখালির সরবেড়িয়ায় সভা করতে আসছেন অভিষেক। তার আগে নেতৃত্বদের প্রস্তুতি তুঙ্গে। জোরকদমে শুরু হয়ে গিয়েছে মাঠ তৈরির কাজ। বসিরহাট সাংগঠনিক জেলা নেতৃত্ব মাঠ পরিদর্শন করেছেন। ছিলেন জেলা সভাপতি বুরহানুল মোকাদ্দিম ওরফে লিটন, তৃণমূল প্রার্থী  ঝর্ণা সর্দার, সুরজিৎ মিত্র, সুকুমার মাহাত প্রমুখ। সভায় ৫০ হাজার মানুষের জমায়েতের লক্ষ্য রয়েছে তৃণমূলের। 

Advertisement

২০২৪ সালের জানুয়ারি মাসে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠেছিল। মহিলাদের আন্দোলনকে সামনে রেখে রাজ্যজুড়ে প্রতিবাদ শুরু করেছিল পদ্মশিবির। ২৪-এর লোকসভা নির্বাচনে প্রতিবাদী রেখা পাত্রকে প্রার্থী করে ‘মহিলা-দরদ’ প্রমাণ করতে মরিয়া হয়েছিল তারা। তবে, মহিলাদের ‘পাশে থাকার’ বুলি কপচানো বিজেপি সন্দেশখালি বিধাসভায় এবার মহিলা প্রার্থী করেনি। শুধু তাই নয়, এখানকার বিজেপি প্রার্থীকে নিয়ে দলের অন্দরে অসন্তোষ চরমে। পোস্টার থেকে শুরু করে দলীয়স্তরে বিক্ষোভের ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবে ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে কার্যত ‘লেজেগোবরে’ অবস্থা সন্দেশখালি বিজেপির বলেই মনে করছেন অনেকে। শুধু তাই নয়, সন্দেশখালি মহিলা অন্যতম ‘পোস্টার গার্ল’ পিয়ালী দাস বেসুরো। বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে অস্বস্তি বাড়িয়েছেন তিনি। এমন অবস্থায় রবিবার সন্দেশখালিতে সভা করতে আসছেন অভিষেক। আর এদিনের সভায় বিশেষ চমকও থাকতে পারে বলে তৃণমূল সূত্রে খবর। সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাত বলেন, আমাদের নেতার বৈঠক নিয়ে প্রস্তুতি শেষ পর্যায়ে। প্রতিটি বুথ ধরে ধরে বৈঠক হয়েছে। যেভাবে মানুষের সাড়া মিলছে তাতে করে সন্দেশখালিতে জয় সময়ের অপেক্ষা। এদিকে সন্দেশখালি ২ ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মল্লিক বলেন, আমরা অপেক্ষায় রয়েছে নেতার বক্তব্যের দিকে। লক্ষ্য রয়েছে প্রায় ৫০ হাজার মানুষের জমায়েত। তারপর আরও প্রচারে ঝাঁঝ বাড়বে। বিজেপি নেতা পলাশ সরকার বলেন, এসব করে লাভ নেই। সন্দেশখালিতে শাহজাহান বাহিনী যেভাবে অত্যাচার চালিয়েছে তাতে করে মানুষ ওদের ভোট দেবে না। আমরা ওখানে রেকর্ড ভোটে জিতব।

সম্পর্কিত সংবাদ