Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্রাইবুনাল: অফিস তৈরির কাজ প্রায় শেষ, শুনানি শুরু শীঘ্রই

জোকায় এসআইআর আপিলেট ট্রাইবুনালের অফিসের কাজ প্রায় শেষ। শীঘ্রই জোকায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউটে শুনানির জন্য বসবেন ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি।

ট্রাইবুনাল: অফিস তৈরির কাজ প্রায় শেষ, শুনানি শুরু শীঘ্রই
  • ১১ এপ্রিল, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোকায় এসআইআর আপিলেট ট্রাইবুনালের অফিসের কাজ প্রায় শেষ। শীঘ্রই জোকায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউটে শুনানির জন্য বসবেন ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি। 

Advertisement

কমিশন সূত্রের খবর, ট্রাইবুনালের প্রত্যেক প্রাক্তন বিচারপতির সঙ্গে থাকবেন চার থেকে পাঁচজন কর্মী। তাঁরাই নথি যাচাইয়ের কাজে সহায়তা করবেন বিচারপতিদের। কীভাবে তাঁরা সহায়তা করবেন, কী কী করতে হবে তাঁদের, তা নিয়ে শুক্রবারই সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর আগে ট্রাইবুনাল থেকে অব্যাহতি চেয়েছিলেন প্রাক্তন বিচারপতি তপেন সেন। জানা গিয়েছে, তাঁর জায়গায় আসছেন কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি মঞ্জুলা চেল্লুর। তিনি বম্বে হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিও ছিলেন। আরো জানা গিয়েছে, শুধু তপেন সেন নন, ট্রাইবুনালে থাকা কয়েকজন প্রাক্তন বিচারপতি অব্যাহতি চেয়েছেন।
চলতি মাসের গোড়া থেকেই ট্রাইবুনালের কাজ শুরুর কথা ছিল। কিন্তু নানা কারণে সেই কাজ এখনো শুরু হয়নি। এবার দ্রুত সেই কাজ শুরু হয়ে যাবে। জোকার ওই অফিসে পরিকাঠামোগত যাবতীয় কাজ প্রায় শেষ। আগামী রবিবার জোকার ট্রাইবুনালের অফিস পরিদর্শনে যাবেন দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন বিচারপতিরা। তারপরেই কবে থেকে কাজ শুরু হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 
ট্রাইবুনালের বিচারপতিরা কোন পদ্ধতি মেনে আবেদন নিষ্পত্তি করবেন, তা ঠিক করতে সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই তিন সদস্যের কমিটি গঠন করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার বিবেচনাধীন তালিকায় ছিলেন। তাঁদের মধ্যে যাঁরা বাদ পড়েছেন, তাঁরাই এই ট্রাইবুনালে আবেদন করার যোগ্য।

সম্পর্কিত সংবাদ