সংবাদদাতা, পুরুলিয়া: স্কলারশিপের টাকার দাবিতে মঙ্গলবার দফায় দফায় ১৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে। প্রশাসনের আশ্বাসে কখনও অবরোধ সাময়িকভাবে উঠলেও দাবি পূরণ না হতেই ফের রাস্তায় বসে পড়েন আদিবাসী ছাত্র ছাত্রীরা। আন্দোলনকারীরা অধিকাংশই কলেজ পড়ুয়া। অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের আধিকারিকের লিখিত আশ্বাসের পর অবরোধ তুলে নেন আন্দোলনকারী পড়ুয়ারা।
মঙ্গলবার সকাল ন’টা থেকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ব্যানার নিয়ে জাতীয় সড়ক অবরোধে নামেন আদিবাসী ছাত্র, ছাত্রীরা। পুরুলিয়া শহরের উপকণ্ঠে কাঁসাই নদীর সেতুর সামনেই অবরোধ শুরু করেন তাঁরা। হাতে পোষ্টার, ব্যানার নিয়ে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলার যুব শাখার সহ সম্পাদক মহিম টুডু বলেন, আদিবাসীদের ওয়েসিস স্কলারশিপের ২০২৫-২৬ সেশনের টাকা এখনও পাননি বহু পড়ুয়া। কেউ কেউ টাকা পেলেও অধিকাংশই পাননি। এবিষয়ে দাবি জানিয়ে এর আগেই অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর, পুলিশ সহ প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও লাভ হয়নি। তাই বাধ্য হয়েই অবরোধ করতে হয়েছে আমাদের।
আন্দোলনকারীদের আরও দাবি, অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে সরকারের অনান্য প্রকল্প চলতে সমস্যা হচ্ছে না। অথচ আদিবাসী পড়ুয়াদের টাকা বন্ধ করে রাখা হয়েছে। আন্দোলনে শামিল পুরুলিয়া জেকে কলেজের ছাত্র তারাস সোরেন বলেন, স্কলারশিপের টাকা থেকেই অনেকের পড়ার খরচ জোগাতে হয়। জেলার বিভিন্ন প্রান্তের আদিবাসী ছেলে, মেয়েরা স্কলারশিপের ভরসাতেই বাইরে পড়তে আসেন। অথচ সেই টাকা বন্ধ করে রাখা হয়েছে। তাই বাধ্য হয়েই অবরোধ করতে হয়েছে।
অন্যদিকে, এদিন অবরোধকে কেন্দ্র করে তীব্র যানজট তৈরি হয় এলাকায়। ঘটনাস্থলে পৌছান জেলার পুলিশের দু’জন অতিরিক্ত সুপার সহ ডিএসপি ও আইসি পদমর্যাদার একাধিক আধিকারিক। পরে প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের লিখিত আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারী আদিবাসী পড়ুয়ারা।