নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুর আদালতের বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিচারপ্রার্থীরা। অনেকেরই অভিযোগ, একটু ভারী বৃষ্টি হলেই আলিপুর পুলিশ কোর্ট চত্বর জলমগ্ন হয়ে পড়ে। জল সরতে লেগে যায় ঘণ্টার পর ঘণ্টা। এতে কোর্টের স্বাভাবিক কাজকর্ম কিছুটা হলেও বিঘ্নিত হয়। অথচ এনিয়ে কোনো হেলদোল নেই কোনো তরফেই। এই আদালতের এক আইনজীবী দীপঙ্কর মণ্ডল শনিবার বলেন, বহু প্রাচীন আলিপুর আদালতে নিকাশি নালার সংস্কার জরুরি।
এই আদালতের আইনজীবীদের একাংশের বক্তব্য, শহরের এতবড় একটা আদালতে নেই কোনও সঠিক পরিষেবা। তার উপর বর্ষাজুড়ে কোর্ট চত্বরে এই জলযন্ত্রণা নিয়ে অভিযোগের অন্ত নেই। আদালত চত্বরে বিচারপ্রার্থীদের একাধিক সমস্যা নিয়ে এর আগে আইনজীবী সংগঠন নানা সময় আদালত প্রশাসনের কাছে দরবারও করেছে। কিন্তু পরিস্থিতির কোনও উন্নতি হয়নি বলে আইনজীবীদের অভিযোগ। সব মিলিয়ে জরুরি ভিত্তিতে বেহাল নিকাশি ব্যবস্থার দ্রুত উন্নতির দাবি করেছেন এই আদালতের আইনজীবী থেকে বিচারপ্রার্থীরা।