হায়দরাবাদ: ‘আমরা সতর্ক করে দিচ্ছি’। হায়দরাবাদে নির্বিচারে বৃক্ষনিধন নিয়ে তেলেঙ্গানা সরকারকে এভাষাতেই ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, হায়দরাবাদের কাছে কাঞ্চা গাচ্চিবালি বনাঞ্চল পুনরায় গড়ে তোলার নির্দেশ দিয়েছে। হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কাছে ওই এলাকায় প্রায় ১০০ একর জমিতে সরকারি প্রকল্পের জন্য নির্বিচারে গাছ কাটার অভিযোগ উঠেছে। এনিয়ে পরিবেশবিদ এবং পড়ুয়ারা ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছেন। ঘটনাটি নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এ জি মাসিহ-র বেঞ্চ তেলেঙ্গানা সরকারকে সতর্ক করে জানিয়েছে, তড়িঘড়ি ওই এলাকায় বুলডোজার চালিয়ে বৃক্ষনিধন করা হয়েছে। এটা পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব নয়। গাছ কাটার জন্যই সেখানে বুলডোজারগুলি আনা হয়েছিল। এই ঘটনায় উষ্মা প্রকাশ করে বেঞ্চ জানিয়েছে, ওই জমিতে বনাঞ্চল পুণরায় গড়ে তোলা হবে কি না, সেটা রাজ্যের ব্যাপার। রাজ্য যদি চায়, তাহলে আমরা মুখ্যসচিব সহ তেলেঙ্গানা সরকারের অন্তত এক ডজন আধিকারিককে আপাতত জেলে ঢোকাতে পারি। তেলেঙ্গানা সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, ওই এলাকায় আইটি পার্ক এবং বাস্তুতন্ত্র একসঙ্গে চলার সুযোগ দেওয়া উচিত। সেখানে জোর করে কিছু করা হচ্ছে না। আগামী ২৩ জুলাই মামলাটির পুনরায় শুনানি হবে।



