Bartaman Logo
৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

উপকূলে ফেরার সময় চড়ায় আটকাল ট্রলার, দীর্ঘক্ষণ পর উদ্ধার ৭ মৎস্যজীবী

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলার আটকে যায়। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় ৭ মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানুন।

উপকূলে ফেরার সময় চড়ায় আটকাল ট্রলার, দীর্ঘক্ষণ পর উদ্ধার ৭ মৎস্যজীবী
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা পেয়ে তড়িঘড়ি উপকূলে ফেরার সময়েই ঘটল বিপত্তি। চড়ায় আটকে গেল মৎস্যজীবীদের একটি ট্রলার। তবে প্রশাসন ও স্থানীয় মৎস্যজীবীদের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্ত ট্রলারের সাতজন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার নামখানার ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে এফবি মা কালী নামে একটি ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। তাতে মোট সাতজন মৎস্যজীবী ছিলেন। শুক্রবার সমুদ্রে জাল ফেলে মাছ ধরার সময় ওই ট্রলারের মৎস্যজীবীরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর ওয়্যারলেসের মাধ্যমে জানতে পারেন। এরপর তাঁরা তড়িঘড়ি জাল গুটিয়ে উপকূলের দিকে ফিরে আসছিলেন। কিন্তু তখনই আবহাওয়া ভয়াবহ রূপ নেয়। প্রবল ঢেউয়ের ধাক্কায় ওই ট্রলারটি বঙ্গোপসাগরের লাটিমের চড়ায় আটকে যায়। বিপদ বুঝে ট্রলার ছেড়ে মৎস্যজীবীরা চড়ায় নেমে পড়েন। তাঁরা বিষয়টি প্রশাসনকে জানান। খবর পাওয়া মাত্রই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ করে একটি উদ্ধারকারী দল তৈরি করে। তারপরই উত্তাল সমুদ্র ও খারাপ আবহাওয়ার সঙ্গে দীর্ঘক্ষণ লড়াই চালিয়ে ওই মৎস্যজীবীদের উদ্ধার করা হয়। শনিবার দুপুরে ট্রলার সহ ওই সাত মৎস্যজীবীকে নিরাপদে ফ্রেজারগঞ্জ বন্দরে নিয়ে আসা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ