সংবাদদাতা, কাকদ্বীপ: উত্তাল সমুদ্রে ঢেউয়ের কবলে পড়ে ফের ডুবে গেল একটি ট্রলার। ট্রলারে থাকা ১৪ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শনিবার পাথরপ্রতিমার রামগঙ্গা খেয়াঘাট থেকে এফবি মা মঙ্গলচণ্ডী নামের একটি ট্রলারে করে ১৪ জন মৎস্যজীবী মাছ ধরার জন্য গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিলেন। রবিবার উত্তাল সমুদ্রে হঠাৎ ওই ট্রলারের নীচের অংশের পাটাতন খুলে যায়। এরপর ট্রলারের ভিতরে জল ঢুকতে শুরু করে। ভয়াবহ পরিস্থিতি বুঝতে পেরে মৎস্যজীবীরা চিৎকার শুরু করে দেন। আশপাশের ট্রলারের মৎস্যজীবীরা এসে তাঁদের উদ্ধার করে। ডুবে যাওয়া ট্রলারটিকে উপকূলে টেনে নিয়ে আসার জন্য চেষ্টা চালানো হচ্ছে। অন্যদিকে, নিম্নচাপের কারণে আবারও সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। সমুদ্রে মাছ ধরতে যাওয়া সব ট্রলারগুলিকে উপকূলে ফিরে আসারও নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে উপকূলীয় অঞ্চলে মাইকিং করে মৎস্যজীবীদের সতর্ক করা হচ্ছে। মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব ট্রলার উপকূলে ফিরে এসেছে। নিরাপদ স্থানে নোঙর করে দাঁড়িয়ে রয়েছে। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, ২৮ জুলাই পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে ট্রলারগুলিকে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। এখন সমুদ্র উত্তাল রয়েছে। প্রায় ১৪ থেকে ১৫ ফুট উচ্চতায় ঢেউ আছড়ে পড়ছে। তাই ট্রলারগুলিকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



