নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কমিশনের বদলি-বোমা অব্যাহত। রবিবার ভোট ঘোষণার রাতেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব বদলের পরদিন আরও চার শীর্ষ পুলিশ কর্তাকে সরিয়ে দিয়েছিল কমিশন। আর ঠিক তার পরের দিন, মঙ্গলবার একধাক্কায় রাজ্যের ১২ জন পুলিশ সুপার বদল করা হল। সরানো হয়েছে কলকাতার ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কেও। এছাড়া চার পুলিশ কমিশনার, এডিজি পদমর্যাদার দু’জন কর্তাকেও বদলির নির্দেশ ধরিয়েছে কমিশন।
ভোটের সূচি প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে কমিশনের এক একটি বদলির নির্দেশিকাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কমিশনকে সরাসরি নিশানা করে সাংবিধানিক রীতি ভঙ্গের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, রাজ্য সরকারের সঙ্গে আগাম কোনো আলোচনা না করে বা কোনো মতামত না নিয়ে বদলি করা হচ্ছে। অতীতে নির্বাচন চলাকালীন কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিককে সরানোর প্রয়োজন হলে কমিশনের পক্ষ থেকে সাধারণত রাজ্য সরকারের কাছে প্যানেল চাওয়া হত। মুখ্যমন্ত্রীর দাবি, এবার সেই প্রচলিত রীতি ভেঙে গেরুয়া নির্দেশ কার্যকর করতে মাঠে নেমেছে কমিশন। যদিও রাজ্য কমিশন সংঘাতের মাঝেই আগামী দিনে বদলির পালা জারি থাকবে বলেই জানা যাচ্ছে। সেইসঙ্গে আরও জানা যাচ্ছে, রাজ্যে এবার সাড়ে চার হাজার বুথ বাড়তে চলেছে। বুথগুলিকে অতিরিক্ত বুথ হিসাবে চিহ্নিত করেছে কমিশন।
এদিকে, এদিনই পশ্চিমবঙ্গ-সহ ভোটমুখী চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির জন্য পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। তাৎপর্যপূর্ণভাবে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই প্রত্যেক বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। পুলিশ পর্যবেক্ষকের সংখ্যাও বাড়ানো হয়েছে। সাধারণত পুলিশ জেলা বা কমিশনারেট পিছু এক জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়ে থাকে। এবার তা বাড়িয়ে দ্বিগুণেরও বেশি করা হয়েছে। নির্বাচনি আয়-ব্যয় খতিয়ে দেখার কাজে নিযুক্ত পর্যবেক্ষকদের সংখ্যাও বৃদ্ধি করেছে কমিশন। কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে ২৯৪ জন (প্রতিটি বিধানসভার জন্য একজন) সাধারণ পর্যবেক্ষক মোতায়েন করছে কমিশন। পুলিশ পর্যবেক্ষক হিসাবে পাঠানো হচ্ছে ৮৪ জনকে। আয়-ব্যয়ের পর্যবেক্ষক হিসাবে রাজ্যে রাজ্যে থাকছেন ১০০ জন। আজ বুধবারের মধ্যেই সংশ্লিষ্ট বিধানসভায় দায়িত্ব নেবেন পর্যবেক্ষকরা।
অন্যদিকে, রাজ্যের অপসারিত স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকে ভিন রাজ্যের ভোট-পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করছে কমিশন। তাঁকে তামিলনাড়ুর একটি বিধানসভা কেন্দ্রে পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।



